আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দীর্ঘদিনের মিত্র অতি-গোঁড়া ইহুদি দল ইউনাইটেড তোরাহ জুডাইজম এবার তাঁকে সমর্থন দেওয়া থেকে বিরত রয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে বৈঠকে দলটির প্রতিনিধিরা প্রধানমন্ত্রী পদের জন্য কাউকে মনোনয়ন বা সুপারিশ করেননি।
বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, দলটির এমন অবস্থানের ফলে বিরোধী জোটের নেতা গাদি আইজেনকোট সরকার গঠনের প্রথম সুযোগ পেতে পারেন।
গত ২৭ অক্টোবর ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ফলে সরকার গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা চলছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে পরামর্শ করছেন।
বৃহস্পতিবার ইউনাইটেড তোরাহ জুডাইজমের প্রতিনিধিরা প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন। তবে তাঁরা নেতানিয়াহু কিংবা বিরোধী নেতা গাদি আইজেনকোট—কাউকেই সমর্থন জানাননি। এর আগে অনুষ্ঠিত পাঁচটি নির্বাচনে দলটি নেতানিয়াহুকে সমর্থন দিয়েছিল।
সর্বশেষ নির্বাচনে ইউনাইটেড তোরাহ জুডাইজম সাতটি আসন পেয়েছে। ১২০ আসনের ইসরায়েলি পার্লামেন্টে সরকার গঠনের সমীকরণে এই আসনগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তবে এবার দলটি কাউকে সমর্থন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
অতি-গোঁড়া ইহুদি সম্প্রদায়ের একটি অংশের প্রতিনিধিত্ব করে ইউনাইটেড তোরাহ জুডাইজম। দলটির অন্যতম গুরুত্বপূর্ণ অবস্থান হলো বাধ্যতামূলক সামরিক পরিষেবা থেকে নিজেদের দূরে রাখা। ইসরায়েলের আইন অনুযায়ী, তাদেরও সেনাবাহিনীতে কাজ করার বাধ্যবাধকতা রয়েছে। এ বিষয়টি নিয়ে সম্প্রদায়টির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ও আন্দোলন চলছে।