আন্তর্জাতিক ডেস্ক:
পাসপোর্ট, ভিসা কিংবা কোনো বৈধ নথি ছাড়াই দীর্ঘদিন ভারতে অবস্থানের অভিযোগে জর্ডান ব্রাউন নামে এক মার্কিন নাগরিককে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী সশস্ত্র সীমা বল (এসএসবি)। উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ জেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে নেপালে প্রবেশের চেষ্টা করার সময় তাকে আটক করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, গত শনিবার মহারাজগঞ্জ জেলার সীমান্তবর্তী মাইনিওয়া এলাকায় ৫১৬ নম্বর সীমান্ত পিলারের কাছে এসএসবির ২২তম ব্যাটালিয়নের সদস্যরা ব্রাউনকে আটক করেন। এলাকাটি সনৌলি থানা-অধীন সীমান্ত অঞ্চলে অবস্থিত।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ৩৬ বছর বয়সী জর্ডান ব্রাউন নিজেকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বাসিন্দা এবং সাবেক মার্কিন নৌবাহিনীর কর্মকর্তা বলে দাবি করেন। তবে তিনি কোনো পাসপোর্ট, ভিসা বা ভারতে বৈধভাবে অবস্থানের প্রমাণপত্র দেখাতে পারেননি। তল্লাশিতে তার কাছ থেকে দুটি মোবাইল ফোন এবং ৩১ হাজার ৪৬০ ভারতীয় রুপি উদ্ধার করা হয়েছে।
ব্রাউনের দাবি, ২০২৫ সালে পর্যটক হিসেবে থাইল্যান্ডে গিয়ে তিনি তার পাসপোর্ট হারিয়ে ফেলেন। এরপর সাগরপথে শ্রীলঙ্কা হয়ে ২০২৫ সালের ২ নভেম্বর ভারতের গোয়ায় প্রবেশ করেন। সেখানেই দীর্ঘদিন অবস্থান করার পর সম্প্রতি গোয়া থেকে বেঙ্গালুরু হয়ে উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে আসেন এবং সেখান থেকে অবৈধভাবে নেপালে প্রবেশের চেষ্টা করেন।
মহারাজগঞ্জের পুলিশ সুপার সিদ্ধার্থ এনডিটিভিকে বলেন, “ব্যক্তির দাবি অনুযায়ী, তিনি ২০২৫ সালের ২ নভেম্বর গোয়ায় এসেছেন। সেই হিসাবে প্রায় ৯ মাস ধরে তিনি কোনো বৈধ নথি ছাড়াই ভারতে অবস্থান করছেন।”
পুলিশ জানিয়েছে, কেন তিনি এতদিন বৈধ কাগজপত্র ছাড়া ভারতে ছিলেন, সে বিষয়ে সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি। জিজ্ঞাসাবাদের সময় তিনি বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন তথ্য দিয়েছেন বলেও জানিয়েছে পুলিশ।
ঘটনার প্রকৃত কারণ এবং তার পরিচয় ও গতিবিধি যাচাই করতে তদন্ত শুরু করেছে উত্তরপ্রদেশ পুলিশ। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সূত্র: এনডিটিভি