প্রশাসনের ঝটিকা অভিযানে বদলে যাচ্ছে বাজারের চেহারা, জিরো পয়েন্টে চলছে সৌন্দর্যবর্ধনের কর্মযজ্ঞ

মোঃআনজার শাহ

বছরের পর বছর ধরে দখলদারদের কবলে থাকা বরুড়া পৌর বাজারের ফুটপাত অবশেষে ফিরে পেল তার হারানো রূপ। পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং জিরো পয়েন্টের সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে পরিচালিত উপজেলা প্রশাসনের এক সুপরিকল্পিত অভিযানে অবৈধভাবে বসানো হকারদের সরিয়ে দেওয়া হয়েছে এবং জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টিকারী সব অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে।

অভিযানে সরাসরি নেতৃত্ব দেন বরুড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ। এ সময় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থেকে অভিযান সফল করতে সার্বিক সহযোগিতা করেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বাজারের ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার কারণে পথচারীদের দুর্ভোগ দিন দিন চরমে পৌঁছেছিল। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছিল যানজট, জনভোগান্তি ও বাজারের স্বাভাবিক পরিবেশ বিপর্যয়। জনদুর্ভোগের এই চিত্র বদলাতেই মাঠে নামে উপজেলা প্রশাসন, চালায় সুপরিকল্পিত দখলমুক্তকরণ অভিযান।

অভিযান চলাকালে হকারদের নির্ধারিত স্থানের বাইরে ফুটপাত দখল না করার কঠোর নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি বাজারের শৃঙ্খলা অক্ষুণ্ন রাখতে এবং সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন রাখতে প্রশাসনের নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে বলেও সুস্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।

এদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে বরুড়া জিরো পয়েন্টের সৌন্দর্যবর্ধনের কাজও এগিয়ে চলছে পুরোদমে। সংশ্লিষ্টদের বিশ্বাস, এই উন্নয়নকাজ সম্পন্ন হলে বাজার এলাকা পাবে নতুন সৌন্দর্য, যান চলাচল হবে আরও স্বাভাবিক এবং মানুষের দৈনন্দিন দুর্ভোগ কমবে চোখে পড়ার মতো।

স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা প্রশাসনের এই উদ্যোগকে হৃদয় থেকে স্বাগত জানিয়ে বলেন, ফুটপাত দখলমুক্ত থাকলে মানুষ নিরাপদে চলাচল করতে পারবেন, যানজটের যন্ত্রণা কমবে এবং বরুড়া বাজার হয়ে উঠবে আরও পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও নান্দনিক। বাজারের এই সৌন্দর্য ও শৃঙ্খলা দীর্ঘমেয়াদে ধরে রাখতে প্রশাসনের এমন উদ্যোগ নিয়মিত অব্যাহত রাখার জোর দাবি জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *