ফকিরনি দরবার শরীফ চুনকুটিয়া কেরানীগঞ্জে বাবা বেদম ওয়ারসির সাথে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

মোহাম্মদ হোসেন হ্যাপী:

ঢাকার কেরানীগঞ্জের চুনকুটিয়ায় অবস্থিত ফকিরনি দরবার শরীফে বাবা বেদম ওয়ারসির সাথে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল, ২০২৬) এ অনুষ্ঠানে আজমীর থেকে আগত হযরত খাজা গরীব নেওয়াজ (রহ.) এর দরবারের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করে।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সৈয়দ সোহেল চিশতী। তারা দরবার শরীফে উপস্থিত হয়ে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন এবং আধ্যাত্মিক ঐতিহ্য, দরবার সংস্কৃতি ও ভক্তদের পারস্পরিক সৌহার্দ্য বিষয়ে আলোচনা করেন।

এ সময় বক্তারা বলেন, বাংলাদেশে অসংখ্য আউলিয়া-ই কেরাম আগমন করেছেন এবং তাঁদের মাধ্যমে এ অঞ্চলে ইসলামী আধ্যাত্মিক চর্চার বিস্তার ঘটেছে। ৩৬০ আউলিয়ার অন্যতম হযরত শাহ জালাল (রহ.), হযরত শাহ পরান (রহ.) এবং হযরত সৈয়দ শামসুদ্দিন শাহ বোগদাদী (রহ.)সহ বিভিন্ন আউলিয়ার অবদান আজও স্মরণীয়। এসব দরবার ও মাজার জিয়ারতের মাধ্যমে মানুষ আধ্যাত্মিক প্রশান্তি লাভ করে।

বক্তারা আরও বলেন, দরবার শরীফে জিয়ারতের উদ্দেশ্যে আগতদের উচিত আদব ও শালীনতা বজায় রাখা এবং আউলিয়াদের প্রতি শ্রদ্ধাশীল থাকা। ভক্ত-অনুরাগীদের সাথে সদাচরণ এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ পাইকপাড়া নয়াপাড়া দরবারের গরীবে নেওয়াজ খানকায়ে চিশতিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক এডভোকেট রুবায়েত হাসান সায়েমসহ বিভিন্ন দরবার শরীফের গদীনিশিন ও খাদেমগণ।

সৌজন্য সাক্ষাৎ শেষে অতিথিবৃন্দ দরবার শরীফের পরিবেশ পরিদর্শন করেন এবং ভবিষ্যতে এ ধরনের আধ্যাত্মিক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *