ফায়ার সার্ভিসকে সুশৃঙ্খল রাখতে চেইন অব কমান্ড মানার নির্দেশ ডিজির

নিজস্ব প্রতিবেদক:

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সব কর্মকর্তা-কর্মচারীকে সততা, নিষ্ঠা ও আনুগত্যের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ। তিনি বলেছেন, বাহিনীকে সুশৃঙ্খল রাখতে চেইন অব কমান্ড মেনে চলতে হবে। প্রত্যেক সদস্যকে তাঁর ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

রোববার (২৫ অক্টোবর) সকালে রাজধানীর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে আয়োজিত ‘মহাপরিচালকের দরবার’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে মহাপরিচালক ফায়ার সার্ভিসের অপারেশনাল কার্যক্রম ও সার্বিক মানোন্নয়নে তাঁর পরিকল্পনা তুলে ধরেন। একই সঙ্গে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রমে ফায়ার ফাইটারদের আন্তরিকতার প্রশংসা করেন। পেশাদারত্ব বজায় রেখে দায়িত্ব পালনের ধারাবাহিকতা অব্যাহত রাখারও আহ্বান জানান তিনি।

বক্তব্যের শুরুতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে পরিণত করতে অবদান রাখা সাবেক মহাপরিচালক ও কর্মকর্তাদের স্মরণ করেন সুলতানুল আফরীন জুনাইদ। পাশাপাশি দায়িত্ব পালনকালে অপারেশনাল কার্যক্রমে আত্মদানকারী সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

অনুষ্ঠানে সরাসরি উপস্থিত এবং অনলাইনে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন মতামত শোনেন মহাপরিচালক। তাঁদের প্রশ্নের জবাব দেওয়ার পাশাপাশি যৌক্তিক আবেদনগুলো অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির আশাবাদ ব্যক্ত করেন তিনি।

রোববার সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া অনুষ্ঠানে অধিদপ্তরের পরিচালক, প্রকল্প পরিচালক, ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকসহ ঢাকায় কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন বিভাগের বিভাগীয় উপপরিচালক ও জেলা কর্মকর্তারা নিজ নিজ কর্মস্থল থেকে অনলাইনে অনুষ্ঠানে যুক্ত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *