কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে সাড়ে ১২ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ তাদের মাদক কারবারি হিসেবে উল্লেখ করেছে।
শনিবার রাতে ফুলবাড়ী থানাধীন দ্বিতীয় ধরলা ব্রিজ চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ফুলবাড়ী থানার ওসি মাহমুদ হাসান নাইম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন বগুড়া জেলা সদরের কালসীমাটি দক্ষিণপাড়া ২১ নম্বর ওয়ার্ড এলাকার বাবুল আহমেদ (৩২) ও মোকসেদুল মন্ডল (৩৩)।
ফুলবাড়ী থানার ওসি মাহমুদ হাসান নাইম বলেন, থানার মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে দ্বিতীয় ধরলা ব্রিজ চেকপোস্ট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও একটি মোটরসাইকেলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি জানান, এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। রোববার তাদের কুড়িগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
ওসি আরও বলেন, ফুলবাড়ী থানাকে মাদকমুক্ত করতে পুলিশ বদ্ধপরিকর। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।