বন্দর থানা পুলিশের অভিযানে বালু জুয়েল হত্যা মামলার ২ এজাহারনামীয় আসামি গ্রেফতার

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জের বন্দরে চাঞ্চল্যকর জুয়েল ওরফে বালু জুয়েল হত্যা মামলার দুই এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। হত্যাকাণ্ডের ঘটনার পরপরই দ্রুত অভিযান পরিচালনা করে অভিযুক্তদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এর দিকনির্দেশনায় এবং বন্দর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা আশরাফ উদ্দিন এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পুলিশের একটি বিশেষ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। গত ১৯ মে ২০২৬ দুপুরে বন্দর থানাধীন নাসিক ১৯ নম্বর ওয়ার্ডের শান্তিনগর আশ্রয়ন প্রকল্প সংলগ্ন শীতলক্ষ্যা নদীর পাড় এলাকায় এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত জুয়েল ওরফে বালু জুয়েল (৪২) স্থানীয়ভাবে পরিচিত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে কয়েকটি গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে ঘটনার দিন সীমান্ত, খোকন, ফাহিম, আকাশ ও আশিকসহ একদল সশস্ত্র দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র নিয়ে জুয়েলের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে ফেলে রেখে যায়। স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সংবাদ পাওয়ার পরপরই বন্দর থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান শুরু করে। অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত দুই আসামি— আকাশ (২৩), পিতা- বাচ্চু মিয়া এবং আশিক (২৪), পিতা- মৃত রফিককে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় বন্দর থানায় একটি নিয়মিত হত্যা মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। বন্দর থানা পুলিশ জানিয়েছে, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়দের মাঝেও এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *