মোঃআনজার শাহ
কুমিল্লার বরুড়া উপজেলার বিস্তীর্ণ জনপদে আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযানকে আরও বেগবান করতে উদ্যোগী হয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন। থানার জন্য অতিরিক্ত দুটি ডাবল কেবিন পিকআপ বরাদ্দের অনুরোধ জানিয়ে তিনি লিখিতভাবে চিঠি দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সালাউদ্দিন আহমদের কাছে।
চলতি বছরের ২ এপ্রিল প্রেরিত ওই চিঠিতে বরুড়া থানার সীমাবদ্ধতা ও চাহিদার চিত্র তুলে ধরা হয়েছে সবিস্তারে। প্রায় ২৪২ বর্গকিলোমিটার আয়তনের এই থানা এলাকায় বসবাস করেন প্রায় সাড়ে চার লাখ মানুষ, যাদের নিরাপত্তার দায়িত্ব বর্তায় ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই ঘনবসতিপূর্ণ জনপদে।
১৯৪৮ সালের ২৪ মার্চ প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এই থানার বর্তমান বহরে রয়েছে মাত্র পাঁচটি ডাবল কেবিন পিকআপ। অথচ উপজেলা শহর ছাড়াও ৩৪৫টি গ্রামের মধ্য দিয়ে বিস্তৃত প্রায় ১ হাজার ৫৫৮ কিলোমিটার সড়ক নেটওয়ার্ক পাহারা দিতে হয় পুলিশকে যা বিদ্যমান যানবাহনের সক্ষমতার তুলনায় ঢের বেশি।
মন্ত্রীর ভাষায়, নিয়মিত টহল, মাদকবিরোধী অভিযান ও জরুরি নিরাপত্তা কার্যক্রম আরও দ্রুত ও সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে অতিরিক্ত এই যানবাহন এখন সময়ের দাবি। তাই জরুরি ভিত্তিতে দুটি পিকআপ বরাদ্দের বিশেষ অনুরোধ জানিয়েছেন তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।
স্থানীয় পর্যায়ে এই উদ্যোগকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন সংশ্লিষ্টরা। তাঁদের মতে, পর্যাপ্ত যানবাহনের সংস্থান হলে দুর্গম গ্রামীণ এলাকায়ও পুলিশি সেবা পৌঁছাবে আরও দ্রুত, যা মাদক নিয়ন্ত্রণ ও সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আনবে কাঙ্ক্ষিত স্বস্তি।
স্থানীয়দের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা:
বরুড়া থানা এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণে সরকারি পিকআপ ভ্যান বরাদ্দের উদ্যোগ গ্রহণ করায় বরুড়াবাসীর পক্ষ থেকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী, কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য জনাব জাকারিয়া তাহের এমপি মহোদয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে এলাকাবাসীর পক্ষ থেকে ।