মোঃ আনজার শাহ:
কুমিল্লার বরুড়া উপজেলায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে আবারও আলোচনায় এসেছেন বরুড়া থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক। তাঁর নেতৃত্বে পরিচালিত এক বিশেষ অভিযানে ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ দুই নারীকে হাতেনাতে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী বরুড়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অভিযানের এই সাফল্যে এলাকাজুড়ে প্রশংসার ঝড় উঠেছে।
পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লা সদর দক্ষিণ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাইন বিল্লাহ ফেরদৌসের তত্ত্বাবধানে এবং ওসি কাজী নাজমুল হকের সরাসরি নেতৃত্বে ১ মে ২০২৬ বিকেল ৬টা ১৫ মিনিটে অভিযানটি পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে এসআই তাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বরুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জিরো পয়েন্ট ডেইলি স্ট্যান্ড সংলগ্ন রবি দাস পাড়ার একটি বসতঘরে অভিযান চালান। এ সময় ঘরের ভেতর থেকে ২০ লিটার চোলাই মদ উদ্ধার করে জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকেই দুই নারীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন মনি রবি দাস (৪৫) ও নুপুর রবি দাস (৩০)। তারা উভয়েই বরুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জিরো পয়েন্ট সংলগ্ন রবি দাস পাড়ার বাসিন্দা। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) এর ২৪(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়দের মতে, বরুড়া থানায় যোগদানের পর থেকেই ওসি কাজী নাজমুল হক মাদকবিরোধী কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ধারাবাহিক অভিযান পরিচালনা করে আসছেন। তাঁর দৃঢ় ও সক্রিয় ভূমিকার ফলে এলাকায় মাদকের বিস্তার কমে এসেছে বলে দাবি করছেন অনেকেই। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর এ ধরনের অভিযানের প্রশংসা করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বরুড়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী এই অভিযান চলমান কার্যক্রমের অংশ এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। মাদক ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে এবং কোনোভাবেই তাদের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।