আলমাস হোসাইন (ঢাকা) প্রতিনিধি :
আগামীকাল মহান বিজয় দিবস। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে এদিন সাভারের জাতীয় স্মৃতিসৌধে লাখো মানুষের ঢল নামবে।
মহান এই দিবসকে ঘিরে জাতীয় স্মৃতিসৌধে সৌন্দর্যবর্ধন, সংস্কার ও নিরাপত্তাসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে নতুন রূপে সেজে উঠেছে স্মৃতিসৌধ এলাকা। একই সঙ্গে ঢাকা জেলা পুলিশের উদ্যোগে নেওয়া হয়েছে কঠোর ও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদন দিয়ে শুরু হবে বিজয় দিবস
মহান বিজয় দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর পর্যায়ক্রমে অন্যান্য উপদেষ্টা, কূটনৈতিক প্রতিনিধি, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন। দিনভর সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনে মুখর থাকবে স্মৃতিসৌধ প্রাঙ্গণ।
মাসব্যাপী সৌন্দর্যবর্ধনে নতুন নান্দনিক রূপ
বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে ১০৮ একর আয়তনের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় মাসব্যাপী সৌন্দর্যবর্ধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। অর্ধশতাধিক কর্মীর নিরলস পরিশ্রমে নতুন করে রং করা হয়েছে স্মৃতিসৌধের সাতটি মিনার, পুষ্পবেদী, গণসমাধী ও কৃত্রিম হ্রদ। বাহারি ফুল, বর্ণিল সাজ ও নান্দনিক আলোকসজ্জায় স্মৃতিসৌধ চত্বর পেয়েছে এক অনন্য সৌন্দর্য।
প্রস্তুতি শতভাগ সম্পন্ন : গণপূর্ত বিভাগ
সাভার গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী ও জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শক আনোয়ার খান আনু বলেন,
“বিজয় দিবস উপলক্ষে সৌন্দর্যবর্ধন, সংস্কার, সিসি ক্যামেরা স্থাপনসহ সব ধরনের প্রস্তুতি শতভাগ সম্পন্ন করা হয়েছে। আগামীকাল থেকে জাতীয় স্মৃতিসৌধ সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।”
চার স্তরের নিরাপত্তা বলয়ে স্মৃতিসৌধ
নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) রেজাউল করীম মল্লিক বলেন,
“বিজয় দিবসে আগত সাধারণ দর্শনার্থীসহ দেশের গুরুত্বপূর্ণ ও অতিগুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নিরাপত্তা নিশ্চিত করতে চার স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। পোশাকধারী ও সাদা পোশাকে প্রায় চার হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে বিজয় দিবস উদযাপনে আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত।”
মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় আবারও মুখর হয়ে উঠবে জাতীয় স্মৃতিসৌধ—এই প্রত্যাশাই আজ সবার।