ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে ছাই

মোঃ আব্দুল গফুর সিকদার:

ভোলার মনপুরা উপজেলার ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলা বাজারের মাঝের গলিতে গভীর রাতে আগুন লেগে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে নগদ টাকা ও মালামালসহ আনুমানিক দেড় কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানান।

৭ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার দিনগত রাত আনুমানিক ১টা ০০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস স্টেশনের দমকল কর্মীরা প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয়রা জানান, প্রথমে সুমন স্বর্ণকারের দোকানে আগুন লাগে। পরে ধীরে ধীরে আগুন ছড়িয়ে পড়ে এবং একে একে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

আগুনে পুড়ে যাওয়া দোকানগুলো হলো— সুমন স্বর্ণকারের দোকান, সজিব ইলেকট্রনিক্সের দোকান, শরীফ ঢালীর মুদি দোকান ও একটি মালামালের গুদাম, মাকসুদের জাল-বটের দোকান, একটি খালি দোকান এবং আব্বাস তালুকদারের মুদি দোকান। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দেড় কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।

এছাড়াও আগুনের তীব্রতায় দোকানগুলোতে থাকা নগদ অর্থ, স্বর্ণালংকার এবং বিপুল পরিমাণ মালামাল পুড়ে যায়।

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্কের পরিবেশ বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *