মাটি কাটতেও নারীদের লজ্জা নেই,নারীদের শ্রমের কাজকে গর্বের বললেন সংসদ সদস্য সুলতানা আহমেদ।

অনলাইন ডেস্ক:

নারীরা ঘর-সংসার সামলানোর পাশাপাশি রাস্তার কাজ, মাটি ভরাটসহ বিভিন্ন ধরনের শ্রমের কাজ করতে পারেন। এসব কাজ করতে নারীদের লজ্জা পাওয়ার কিছু নেই, বরং এটি গর্বের বিষয় বলে মন্তব্য করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ধামরাইয়ে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সুলতানা আহমেদ বলেন, নারীদের উন্নয়নের জন্য তিনি প্রথম রাস্তার কাজ দিয়েছেন। নারীদের উদ্দেশে তিনি বলেছেন, ‘তোমরা মাটি ভরাটের কাজ করো, ইটের কাজ করো। কোনো কাজই ছোট নয়। আমাদের প্রধানমন্ত্রীও বলেছেন, কোনো কাজ ছোট নয়।’

নারীদের বিভিন্ন ক্ষেত্রে আরও বেশি অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘মহিলারা রান্না করবেন, ঘর সামলাবেন, সন্তান সামলাবেন, আবার মাটি কাটার কাজও করবেন—এতে অসুবিধা কী? এখানে কোনো লজ্জা-শরমের বিষয় নেই। আমি মনে করি, এটি আমাদের গর্বের বিষয়।’

ধামরাইকে পরিকল্পিত ও মডেল টাউন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে সংসদ সদস্য বলেন, এলাকার উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ধামরাইকে আগামী দিনে একটি মডেল টাউন হিসেবে গড়ে তোলা সম্ভব।

বিএনপির রাজনীতি ও সরকারের বিভিন্ন উদ্যোগ প্রসঙ্গে সুলতানা আহমেদ বলেন, জাতীয়তাবাদী দল ঐক্যের দল। জনগণের পক্ষে কাজ করার জন্য দলীয় নেতৃত্ব নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী নারীবান্ধব প্রধানমন্ত্রী। তিনি জনগণের প্রধানমন্ত্রী। ফ্যামিলি কার্ডের মাধ্যমে সারা বাংলাদেশের নারীদের গর্বিত করেছেন।’

তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও হেলথ কার্ডসহ বিভিন্ন উদ্যোগের পাশাপাশি শিশুদের শিক্ষার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। দেশের অগ্রগতির জন্য স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ধামরাইয়ের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, এলাকায় দুইজন সংসদ সদস্য রয়েছেন এবং তারা সমানভাবে উন্নয়নকাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে ধামরাইয়ে অনেক রাস্তার কাজ সম্পন্ন হয়েছে। বিভিন্ন বরাদ্দ ও অনুদান সমন্বয়ের মাধ্যমে উন্নয়নকাজে ব্যয় করা হচ্ছে।

দেশের পরিবেশ ও সবুজায়ন নিয়েও কথা বলেন সুলতানা আহমেদ। তিনি বলেন, বাংলাদেশকে সবুজ করতে বিভিন্ন স্থানে গাছ লাগানো হচ্ছে। ভবিষ্যতে বাংলাদেশ বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আরও এগিয়ে যাবে এবং দেশকে আরও সুন্দরভাবে বিশ্বের সামনে তুলে ধরা সম্ভব হবে।

অনুষ্ঠানে ঢাকা জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা খন্দকার, ধামরাই উপজেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক লিপা আক্তার, পৌর মহিলা দলের সুমাইয়াসহ বিএনপি, মহিলা দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *