ভেড়ামারা প্রতিনিধি:
কুষ্টিয়ার মিরপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় আবু সাঈদ জাকারিয়া (২৫) নামে এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর স্ত্রী রুকাইয়া খাতুন (২১)সহ চারজন আহত হয়েছেন।
রোববার (২৫ অক্টোবর) দুপুর ১টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কের চারমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু সাঈদ জাকারিয়া কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি দৌলতপুর উপজেলার বিল বুয়ালিয়া গ্রামের নাজমুল ইসলামের ছেলে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, চারজন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা কুষ্টিয়া থেকে খলিশাকুন্ডির দিকে যাচ্ছিল। অটোরিকশাটি চারমাইল এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে গিয়ে চালকসহ পাঁচজন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবু সাঈদ জাকারিয়াকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করেছে পুলিশ। তবে চালক পালিয়ে গেছেন।