ঈদগাঁও উপজেলা প্রতিনিধি:
কক্সবাজার জেলার বহুল আলোচিত ও চাঞ্চল্যকর ঈদগড়-ঈদগাঁও সড়কের হিমছড়ি ঢালার মুখে সংঘটিত ডাকাতির ঘটনায় অন্যতম সন্দেহভাজন আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৫।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১৫ সদর ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিক দল গত ২৪ অক্টোবর ২০২৬ তারিখ আনুমানিক বিকেল ৪টা ২০ মিনিটে কক্সবাজার জেলার রামু থানাধীন ঈদগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম হাসনাকাটা এলাকায় ‘হাসনাকাটা সবুজ বাংলা যুব সমাজ’ কার্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় উক্ত ডাকাতি মামলার সন্দেহভাজন আসামি মো. ইমাম হোসাইনকে আটক করা হয়। অভিযানকালে তাঁর কাছ থেকে একটি ব্যবহৃত অ্যান্ড্রয়েড স্মার্টফোন জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি মো. ইমাম হোসেন (৩২) কক্সবাজার জেলার রামু থানাধীন ১ নম্বর ঈদগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাসনাকাটা এলাকার মৃত মোক্তার আহাম্মদের ছেলে।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি গত ১৯ অক্টোবর ২০২৬ তারিখে ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালা নামক পাহাড়ি এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতির ঘটনার সঙ্গে সম্পৃক্ত বলে সন্দেহ করা হচ্ছে। এ ঘটনায় ঈদগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাঁকে কক্সবাজার জেলার ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।