শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

স্বাধীন সংবাদ ডেস্ক:  

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের লক্ষ্যে দুই দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির কথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, আগামী ১৯ জানুয়ারি (সোমবার) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে সকাল ১১টায় শেরেবাংলা নগরস্থ তাঁর মাজারে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ ও ফাতিহা পাঠ করবেন। এ সময় শহীদ জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হবে। একই সঙ্গে বিএনপির চেয়ারপারসনকেও এ কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হবে বলে জানান তিনি।

রিজভী আরও জানান, জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির সহযোগী সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে। এর অংশ হিসেবে ১৯ জানুয়ারি একটি বিনামূল্যের মেডিকেল ক্যাম্প আয়োজন করা হবে, যেখানে সাধারণ মানুষ চিকিৎসাসেবা নিতে পারবেন।

দুই দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনের বিষয়ে তিনি বলেন, আগামী ২০ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ১১টায় রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে দেশের বিশিষ্ট নাগরিক, বুদ্ধিজীবী ও বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আলোচনা সভায় শহীদ জিয়াউর রহমানের জীবন, রাজনৈতিক দর্শন ও রাষ্ট্রনায়ক হিসেবে তাঁর অবদান তুলে ধরা হবে।

রুহুল কবির রিজভী আরও বলেন, ১৯ জানুয়ারি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের সকল দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। পাশাপাশি বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দেশের প্রতিটি জেলা, মহানগর, উপজেলা ও থানা পর্যায়ের ইউনিটগুলোতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এছাড়া শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ইতোমধ্যে পোস্টার প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে ১৯ জানুয়ারি বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে বলেও জানান বিএনপির এই শীর্ষ নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *