বিনোদন ডেস্ক:
নিজের নতুন সিনেমা ‘প্রহার: দ্য আনটোল্ড স্টোরি অব উজ্জ্বল নিকম’-এর প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বলিউড অভিনেতা রাজকুমার রাও। সিনেমাটির মুক্তির দিন যতই এগিয়ে আসছে, ততই প্রচারণামূলক বিভিন্ন আয়োজনে অংশ নিচ্ছেন তিনি।
সম্প্রতি সিনেমাটির প্রচারের অংশ হিসেবে জনপ্রিয় কুইজ অনুষ্ঠান ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি)-এর মঞ্চে হাজির হন রাজকুমার রাও। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সিনেমাটির সহ-অভিনেত্রী ওয়ামিকা গাব্বি এবং ভারতের প্রখ্যাত সাবেক সরকারি আইনজীবী উজ্জ্বল নিকম। অনুষ্ঠানে সঞ্চালক অমিতাভ বচ্চনের সঙ্গে আড্ডায় নিজেদের জীবনের নানা অভিজ্ঞতা ও অজানা গল্প শেয়ার করেন তাঁরা।
ক্যারিয়ারের শুরুর দিকের স্মৃতিচারণ করতে গিয়ে রাজকুমার রাও জানান, দিল্লি থেকে মুম্বাইয়ে আসার পর শাহরুখ খানের বাংলো ‘মান্নাত’-এর সামনে দাঁড়িয়ে থাকতেন তিনি। প্রিয় অভিনেতাকে এক ঝলক দেখার আশাতেই সেখানে যেতেন বলে জানান রাজকুমার।
রাজকুমার রাও বলেন, ‘দিল্লির এক মধ্যবিত্ত পরিবার থেকে এসে থিয়েটার ও টিভিতে কাজ করে শাহরুখ স্যার যেভাবে এত বড় সুপারস্টার হয়েছেন, তা আমাকে দারুণ অনুপ্রেরণা জুগিয়েছিল। তাই মুম্বাইয়ে আসার পর কাজের সুযোগ না পেলেও আমি তাঁর বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতাম।’
অনুষ্ঠানে শাহরুখ খানের ক্যারিয়ার ও কাজের প্রশংসাও করেন অমিতাভ বচ্চন। তিনি বলেন, ‘শাহরুখ কখনো হাল ছাড়ার পাত্র নন। সমস্যা যাই হোক না কেন, তিনি কথা বলেই সামনের মানুষের আত্মবিশ্বাস বাড়িয়ে দিতে পারেন।’
এদিকে অবিনাশ অরুণ পরিচালিত ‘প্রহার’ সিনেমায় প্রখ্যাত আইনজীবী উজ্জ্বল নিকমের জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ আইনি লড়াই তুলে ধরা হয়েছে। সিনেমাটিতে বিশেষভাবে ২০০৮ সালের ২৬/১১ মুম্বাই হামলা এবং সন্ত্রাসী আজমল কাসাবের বিচারপ্রক্রিয়ার বিষয়টি উঠে আসবে।
সিনেমাটিতে উজ্জ্বল নিকমের চরিত্রে অভিনয় করেছেন রাজকুমার রাও। এছাড়া গুরুত্বপূর্ণ অন্যান্য চরিত্রে রয়েছেন ওয়ামিকা গাব্বি, জয়দীপ আহলাওয়াত ও সিকান্দার খের।
চলতি বছরের ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে রাজকুমার রাও অভিনীত ‘প্রহার’ সিনেমাটির।