সাত শর্ত পূরণ না হলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের সঙ্গে করা অন্তর্বর্তী সমঝোতায় নির্ধারিত সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খুলবে না বলে জানিয়েছে ইরান। রোববার (৪ অক্টোবর) দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ এ অবস্থানের কথা জানান।

কালিবাফ বলেন, জুনে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া অন্তর্বর্তী সমঝোতার সময় ইরান সাতটি শর্ত উপস্থাপন করেছিল। ওই শর্তগুলো পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খোলার কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।

তিনি বলেন, গণমাধ্যমে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভিন্ন ধরনের বক্তব্য এলেও সম্প্রতি একজন মধ্যস্থতাকারীর মাধ্যমে ওয়াশিংটন কিছু প্রস্তাব দিয়েছে। তবে আলোচনা দীর্ঘায়িত করা বা একতরফা শর্ত চাপিয়ে দেওয়ার সুযোগ ইরান আর দেবে না বলে জানান তিনি।

ইরানের পার্লামেন্ট স্পিকার বলেন, হরমুজ প্রণালি নিয়ে তেহরানের অবস্থান স্পষ্ট ও দৃঢ়। ইসলামাবাদ সমঝোতা স্মারকের ভিত্তিতে নির্ধারিত সাতটি শর্ত পূরণ হলেই প্রণালি পুনরায় খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ওয়াশিংটন তেহরানের প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব। রোববার তেহরানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

আরাকচি বলেন, প্রণালি পুনরায় খোলার বিষয়ে ইরান তাদের শর্তগুলো স্পষ্টভাবে জানিয়েছে। এসব শর্তের মধ্যে যুক্তরাষ্ট্রের কিছু প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ও রয়েছে। ওয়াশিংটন কূটনীতির পথ বেছে নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তবে যুক্তরাষ্ট্র আবার সামরিক পদক্ষেপের দিকে এগোলে ইরানও জবাব দিতে প্রস্তুত বলে সতর্ক করেন আরাকচি। তিনি বলেন, এমন পরিস্থিতিতে ইরান আগের চেয়েও বেশি প্রস্তুত থাকবে এবং নিজেদের প্রতিরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

ইরানের প্রস্তাবটি এর আগে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হয়েছে। তেহরানের বক্তব্য অনুযায়ী, ওয়াশিংটন শর্তগুলো মেনে নিলে সাত দিনের মধ্যে প্রণালি খোলার প্রক্রিয়া শুরু হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *