আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের রাজধানী তেহরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যঙ্গ করে বিশাল আকারের বিলবোর্ড টানানো হয়েছে। এসব বিলবোর্ডে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের সংঘাতের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের ব্যস্ততম এলাকাগুলোর অন্যতম ভালিয়াসার চত্বরসহ বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রবিরোধী বার্তাসংবলিত এসব বিলবোর্ড স্থাপন করা হয়েছে।
‘খানাহ-ই-তাররাহান’ বা ‘ডিজাইনার্স হাউস’ নামের একটি প্রতিষ্ঠান ট্রাম্পের ঠোঁট সেলাই করা ও মুখ বন্ধ অবস্থার একটি বিশাল ছবি তৈরি করেছে। এর পেছনে রয়েছে হরমুজ প্রণালীর ছবি। বিলবোর্ডটিতে লেখা হয়েছে—‘অ্যাট দ্য ব্রেকিং পয়েন্ট’।
স্টুডিওটির ব্যবস্থাপক ৩২ বছর বয়সী মোস্তফা কাফায়ি বলেন, বড় কোনো ঘটনা ঘটলে তাদের দল দ্রুত কাজ শুরু করে। নতুন ধারণা তৈরি করে গ্রাফিক ডিজাইনারদের নির্দেশনা দেওয়া হয় এবং কয়েকজনের দল মিলে অল্প সময়ের মধ্যে বিলবোর্ডের নকশা তৈরি করে।
মোস্তফার স্টুডিওতে একটি সংবাদ পর্যবেক্ষণ দলও রয়েছে। সরকারি একটি বড় মিডিয়া প্রতিষ্ঠানের অধীনে তারা কাজ করে। এসব বিলবোর্ড সরকারের অর্থায়নে তৈরি হয় এবং সরকারি বার্তা প্রচারে ব্যবহার করা হয়।
অন্য একটি বিলবোর্ডে ট্রাম্পকে জাদুকরের বাক্সের ভেতরে আটকে থাকতে দেখা যায়। তাঁর হাতে রয়েছে কোকা-কোলা ও হ্যামবার্গার। সেখানে লেখা—‘চোখের পলক ফেললেই আপনি গায়েব!’
এটি তুরস্কে জুলাইয়ে ঘটে যাওয়া একটি ঘটনার প্রতি ইঙ্গিত করে তৈরি করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। ওই ঘটনায় নিরাপত্তাজনিত কারণে ট্রাম্পকে ‘এয়ার ফোর্স ওয়ান’ থেকে একটি ক্যাটারিং ট্রাকে করে অন্য বিমানে সরিয়ে নেওয়া হয়েছিল।
মোস্তফা কাফায়ি জানান, দ্রুত কাজ করাই তাদের অন্যতম অগ্রাধিকার। প্রায় আটজনের একটি দল কয়েক দিনের মধ্যেই একটি বিলবোর্ডের নকশা সম্পন্ন করে। তাঁদের বেশির ভাগ কাজ ফটোশপে করা হলেও কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন প্রযুক্তিও ব্যবহার করা হয়। চ্যাটজিপিটি ও ন্যানো ব্যানানার মতো এআই টুল ব্যবহারের কথাও জানান তিনি।
তেহরানের আরেকটি বিশাল বিলবোর্ডে একজন ইরানি সেনাকে মার্কিন ড্রোনের ওপর পা দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এতে লেখা রয়েছে—‘ব্যবসা ভালোই চলছে।’ এটি হরমুজ প্রণালীতে ইরানের রেভল্যুশনারি গার্ড কোরের একটি মার্কিন ড্রোন আটকের ঘটনাকে তুলে ধরেছে।
আরেকটি বিলবোর্ডে উত্তাল সমুদ্রের মধ্যে এক পৌরাণিক যোদ্ধাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পেছনে জ্বলছে মার্কিন যুদ্ধজাহাজ। সেখানে লেখা হয়েছে, ‘শয়তানের সেনাবাহিনী আরব উপসাগরে ডুবে মরবে।’
অন্য একটি ছবিতে ট্রাম্পকে পানির নিচে একটি ডলারের নোট ধরার চেষ্টা করতে দেখা যায়। পাশে লেখা—‘বিশাল বিজয়! হরমুজ প্রণালী।’
বিলবোর্ডগুলোতে ট্রাম্পের ছবি ব্যবহারের কারণ জানতে চাইলে মোস্তফা বলেন, ট্রাম্প একজন মিডিয়া ব্যক্তিত্ব। তিনি কোনো পদক্ষেপ নিলে তাদের পক্ষ থেকেও তার উপযুক্ত জবাব দেওয়া হয়।