নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ বিমানবাহিনী পরিচালিত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠান ‘ব্লু স্কাই’ স্কুলের টিউশন ও ভর্তি ফি কমানোর উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
রোববার (৪ অক্টোবর) সকালে রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দরের মাঠের পাশে অবস্থিত স্কুলটি পরিদর্শন করে তিনি এ নির্দেশনা দেন। একই সঙ্গে সাধারণ পরিবারের সন্তানদের জন্য সুযোগ-সুবিধা বাড়ানো এবং স্কুলটির ব্যয় কমানোর বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেন তিনি।
পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী বলেন, স্কুলটির টিউশন ফি তুলনামূলক বেশি। প্রধানমন্ত্রী তাকে স্কুলটি পরিদর্শন করে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সুবিধা কীভাবে বাড়ানো যায়, সাধারণ পরিবারের সন্তানদের ভর্তি আরও সহজ করা যায় এবং ব্যয় কীভাবে কমানো যায়—সে বিষয়ে পদক্ষেপ নিতে বলেছেন।
তিনি বলেন, ‘আমি দেখলাম, একজন শিক্ষক পাঁচজনের বেশি শিক্ষার্থী সামলান। যেহেতু তারা অটিস্টিক, তাই এটি অত্যন্ত ব্যয়বহুল। কর্মকর্তাদের সন্তানদের জন্য টিউশন ফি ২৫ হাজার টাকা এবং সাধারণ জনগণের সন্তানদের জন্য ৩০ হাজার টাকা।’
মন্ত্রী আরও বলেন, স্কুলটির কয়েকটি শ্রেণিতে একজন শিক্ষার্থীর বিপরীতে একজন শিক্ষক রয়েছেন। এ কারণে ব্যয় কীভাবে কমিয়ে আনা যায়, সেটি বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছে।
শিক্ষিত অভিভাবকদের প্রশিক্ষণের মাধ্যমে কীভাবে স্কুলের বিভিন্ন কাজে যুক্ত করা যায়, সে বিষয়ে ভবিষ্যতে পরিকল্পনা নেওয়া হবে বলেও জানান তিনি। একই সঙ্গে স্কুলটিকে সরকারি সহযোগিতা দেওয়ার বিষয়েও গুরুত্ব দেন শিক্ষামন্ত্রী।
প্রসঙ্গত, ‘ব্লু স্কাই’ বাংলাদেশ বিমানবাহিনী পরিচালিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য একটি বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান। স্কুলটিতে শিক্ষা কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন থেরাপি ও সহায়ক কার্যক্রম পরিচালিত হয়।
পরিদর্শনকালে স্কুলটির গভর্নিং বডির চেয়ারম্যান এয়ার কমডোর মো. আব্বাস আলী, বিমানবাহিনী সদর দপ্তরের শিক্ষা বিভাগের পরিচালক এয়ার কমডোর ইমরানুর রহমান এবং ব্লু স্কাই স্কুলের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মো. নুর উল্লাহ উপস্থিত ছিলেন।