সাতকানিয়ায় ইসকনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি: তৌহিদী জনতার বিশাল মোটর শোভাযাত্রা

আব্দুল আজিজ:

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় ইসকনের কর্মকাণ্ডের প্রতিবাদে ও বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে তৌহিদী জনতার উদ্যোগে এক বিশাল মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সাতকানিয়া উপজেলা চত্বর থেকে শুরু হওয়া এই শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেরানীহাট চত্বরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। আকাশ চৌধুরীর নেতৃত্বে শত শত মোটরসাইকেল নিয়ে হাজারো ধর্মপ্রাণ মুসল্লি এই শোভাযাত্রায় অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীদের হাতে কালেমার পতাকা এবং বিভিন্ন প্ল্যাকার্ড শোভা পায়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ইসকন দেশবিরোধী নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার পাশাপাশি মুসলিম তরুণীদের প্রেমের প্রলোভন দেখিয়ে ধর্মান্তরিত করার চেষ্টা এবং তাদের ব্যক্তিগত ও পারিবারিক জীবন ধ্বংসের গভীর ষড়যন্ত্র করছে বলে দাবি করেন। বক্তারা অবিলম্বে ইসকনের বিতর্কিত কর্মকাণ্ডের তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

সমাবেশ থেকে ভারতের বিভিন্ন রাজ্যে মুসলমানদের ওপর চলমান অমানবিক নির্যাতনের তীব্র নিন্দা জানানো হয়। বক্তারা বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে আজ মুসলমানদের ওপর জুলুম চালানো হচ্ছে। প্রতিবেশী রাষ্ট্র ভারতে যেভাবে ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে মুসলমানদের ওপর নির্যাতন ও উসকানিমূলক কর্মকাণ্ড চালানো হচ্ছে, তা বিশ্ববিবেককে নাড়া দিচ্ছে। আমরা বাংলাদেশের মাটি থেকে এই জুলুমের প্রতিবাদ জানাচ্ছি।

বক্তারা আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ইসলামের শিক্ষা। কিন্তু যারা ধর্মের আড়ালে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং সামাজিক স্থিতিশীলতা নষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে তৌহিদী জনতা অতীতেও ঐক্যবদ্ধ ছিল, ভবিষ্যতেও থাকবে। শোভাযাত্রা ও সমাবেশকে ঘিরে এলাকায় ব্যাপক জনসমাগম লক্ষ্য করা গেছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সকল ধর্মীয় সংগঠনের কর্মকাণ্ড স্বচ্ছ রাখা জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *