সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে দালালের দৌরাত্ম্য বন্ধ: ‘দৈনিক স্বাধীন সংবাদ’-এর প্রতিবেদনের পর স্বস্তি

​নুরুজ্জামান সাউদ:

​সারাদেশে ভূমি সংক্রান্ত দালালি, তদবির বাণিজ্য ও চাঁদাবাজিতে সাধারণ মানুষ যখন অতিষ্ঠ, তখন ব্যতিক্রমী এক উদ্যোগের মাধ্যমে দালালদের দৌরাত্ম্য কমিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্র দেবনাথ। তার যোগদানের পর থেকেই সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস এখন অনেকটাই দালালমুক্ত।

​‘দৈনিক স্বাধীন সংবাদ’ পত্রিকায় এ বিষয়ে প্রতিবেদন প্রকাশের পর থেকে ভূমি অফিসের চিত্র পুরোপুরি বদলে গেছে। প্রতিবেদনটির প্রভাব ও উক্ত ভূমি কর্মকর্তার কঠোর অবস্থানের ফলে দালাল চক্র এখন কোনঠাসা হয়ে পড়েছে।

​দালালদের বিরুদ্ধে কঠোর নিয়ম

জনশ্রুতি রয়েছে, এক সময় সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস ছিল দালালদের নিরাপদ আখড়া। নামজারি বা ভূমি সংক্রান্ত বিভিন্ন কাজ দ্রুত করে দেওয়ার প্রলোভন দেখিয়ে দালালরা সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতো। এতে সরকারি অফিসের সুনাম ক্ষুন্ন হওয়ার পাশাপাশি হয়রানির শিকার হতো সাধারণ সেবাগ্রহীতারা।

​দায়িত্ব গ্রহণের পর থেকেই ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্র দেবনাথ এই সিন্ডিকেটের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেন। তিনি নিয়ম করে দেন, যে কোনো কাজের জন্য সেবাগ্রহীতাকে সরাসরি উপস্থিত হতে হবে। দালালের মাধ্যমে কোনো ফাইল বা কাজ গ্রহণ করা হবে না—এমন কড়া নির্দেশনায় অল্প সময়ের মধ্যেই দালালদের অপতৎপরতা বন্ধ হয়ে যায়।

​এলাকাবাসীর স্বস্তি

এলাকাবাসী জানান, দুলাল চন্দ্র দেবনাথ যোগদানের পর থেকে আমরা এখন হয়রানি ছাড়াই সঠিক সেবা পাচ্ছি। দালালদের দৌরাত্ম্য কমে যাওয়ায় আমরা অত্যন্ত খুশি। এদিকে, দালালি করতে না পেরে ক্ষুব্ধ দালাল চক্র ওই কর্মকর্তার বিরুদ্ধে নানা অপপ্রচারে লিপ্ত হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর।

​সচেতন মহলের দাবি, ভূমি অফিসের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চিহ্নিত দালাল ও তদবিরবাজদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক।

​যা বললেন সংশ্লিষ্ট কর্মকর্তা

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্র দেবনাথ বলেন, “আমি সততা ও নিষ্ঠার সাথে জনসেবা দিয়ে যাচ্ছি। আমার অফিসে কোনো ধরনের গ্রাহক হয়রানি ও দালালের দৌরাত্ম্য সহ্য করা হবে না। ভবিষ্যতে যদি কেউ দালালি বা অনিয়মের মাধ্যমে অফিসের সুনাম ক্ষুন্ন করার চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

​তিনি আরও জানান, সাধারণ মানুষ যাতে কোনো প্রকার মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি সেবা পায়, সেটি নিশ্চিত করাই তার মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *