মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মাহমুদুল হাসান শিমুল (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে সোনারগাঁ থানাধীন কাঁচপুর ইউনিয়নের খালপাড় এলাকায় আব্দুল কাদির নামে এক ব্যক্তির বসতবাড়ির সামনের ইটের সলিং রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার শিমুল কুমিল্লা জেলার তিতাস থানার মঙ্গলকান্দি রায়পুর গ্রামের মোঃ আমির হোসেন ও মোছাঃ মমতাজ বেগমের ছেলে। বর্তমানে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা থানাধীন ৭৬/সেগুনবাগিচা এলাকায় বসবাস করছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান পিপিএমের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক পিপিএমের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোঃ ওয়াছেক মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল কাঁচপুরের খালপাড় এলাকায় অভিযান চালায়। এ সময় ৩০০ পিস ইয়াবাসহ শিমুলকে গ্রেফতার করা হয়।
সোনারগাঁ থানার ওসি জানান, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।