স্বর্ণ চোরাচালানের অভিযোগে শাহ আমানতে ৩ সদস্যের তদন্ত কমিটি

জেলা প্রতিনিধি:

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণ চোরাচালানের অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বিমানবন্দরের এরোড্রাম কর্মকর্তা মোহাম্মদ মিনহাজুল আলমকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়।গত বৃহস্পতিবার কমিটি গঠন করা হলেও বিষয়টি রোববার জানাজানি হয়। বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ নূর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।জানা গেছে, গত ২ সেপ্টেম্বর ‘জড়িত বিমানের কর্মীরা: স্বর্ণ চোরাচালানের নিরাপদ রুট চট্টগ্রাম বিমানবন্দর’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।এর আগে গত ১৯ জুলাই দুবাই থেকে আসা এক যাত্রীকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করে কাস্টমস গোয়েন্দা ও সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার সদস্যরা। পরে ওই যাত্রীর শরীর তল্লাশি করে ৩২০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।এর মধ্যে ২২০ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়। বাকি ১০০ গ্রাম স্বর্ণ ব্যাগেজ সুবিধার নিয়ম অনুযায়ী ওই যাত্রীকে ফেরত দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।তবে অভিযোগ রয়েছে, তল্লাশির আগে ও তল্লাশির সময় কৌশলে ওই যাত্রীর কাছ থেকে বিমানবন্দরের নিরাপত্তাকর্মী এবং তল্লাশির দায়িত্বে থাকা ব্যক্তিরা পৃথকভাবে সাতটি স্বর্ণের বার নিয়ে নেন।বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ নূর হোসেন বলেন, ২ সেপ্টেম্বর প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পাঁচ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা ও সংশ্লিষ্টদের ভূমিকা স্পষ্ট হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *