মোঃআনজার শাহ
কুমিল্লার বরুড়া থানার ধনিশ্বর (বড় বাড়ী) এলাকার আলোচিত হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশ।
গ্রেফতার আসামির নাম নাজমুল হোসেন (৩৫)। তিনি বরুড়া উপজেলার ১১নং গালিমপুর ইউনিয়নের ০১নং ওয়ার্ডের ধনিশ্বর (বড় বাড়ী) গ্রামের আলী আকবর ওরফে আলী আক্কবরের ছেলে এবং নাছরিন আক্তারের গর্ভজাত সন্তান।
জানা যায়, বরুড়া থানাধীন ধনিশ্বর (বড় বাড়ী) এলাকায় জসীম উদ্দিন (৫০) নামক এক ব্যক্তিকে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি নাজমুল হোসেন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। অবশেষে র্যাব-০৯, সিলেট ও বরুড়া থানা পুলিশের সমন্বিত অভিযানে সিলেট থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ প্রসঙ্গে বরুড়া থানার অফিসার ইনচার্জ কাজী নামজুল হক বলেন, “র্যাব-০৯, সিলেটের সাথে আমাদের বরুড়া থানা পুলিশের নিরলস প্রচেষ্টা ও নিবিড় সমন্বয়ের ফলেই এই গ্রেফতার অভিযান সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। আইনের হাত অনেক লম্বা অপরাধী যেখানেই আত্মগোপন করুক না কেন, তাকে আইনের মুখোমুখি করা হবেই।”