১ কোটি টাকার ওষুধ কেনার অভিযোগ, ৪ কোটি টাকার বিল নিয়ে তদন্তে কমিটি

 বান্দরবান জেলা প্রতিনিধি ::

বান্দরবানের সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরীর বিরুদ্ধে ওষুধ কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, ১ কোটি টাকার ওষুধ কিনে ৪ কোটি টাকার বিল উত্তোলন করা হয়েছে। এ অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি বুধবার (১ জুলাই) সকালে বান্দরবান সদর হাসপাতাল পরিদর্শন করেছে।

তদন্ত কমিটির সদস্যরা হলেন পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডা. লেনিন তালুকদার, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের পিএস টু (অতিরিক্ত দায়িত্ব) মুহাঃ আবুল মনসুর, নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা এবং হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা এম. মুহিব্বুল হাসান। তবে তদন্ত দলের হাসপাতাল পরিদর্শনের সময় সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী উপস্থিত ছিলেন না বলে জানা গেছে।

এ বিষয়ে পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, বান্দরবান সদর হাসপাতালের টেন্ডার নিয়ে ওঠা অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন পার্বত্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এ বিষয়ে তাঁকে দায়িত্ব দিয়েছেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান।

তিনি আরও বলেন, তদন্তের বিষয়ে সিভিল সার্জনকে জানানো হয়েছে এবং তদন্ত কাজে সহযোগিতা করতে অনুরোধ করা হয়েছে। টেন্ডার প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হয়েছে কি না এবং টেন্ডারের আওতায় ওষুধসহ অন্যান্য সামগ্রী যথাযথভাবে কেনা হয়েছে কি না, তা খতিয়ে দেখে প্রতিবেদন দেওয়া হবে।

এর আগে মঙ্গলবার (৩০ জুন) পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বান্দরবান পার্বত্য জেলার সিভিল সার্জন কার্যালয়ের বিরুদ্ধে ৪ কোটি টাকার ওষুধ কেনার বিপরীতে মাত্র ১ কোটি টাকার ওষুধ কেনা এবং অবশিষ্ট ৩ কোটি টাকা পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে উত্তোলনের অভিযোগ উঠেছে। এ অভিযোগের সত্যতা যাচাইয়ে বুধবার সকাল ১১টায় জেলা পরিষদ গঠিত তদন্ত কমিটি সদর হাসপাতালে তদন্ত কার্যক্রম পরিচালনা করে।

তদন্ত কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কমিটিকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার জন্য সিভিল সার্জনকে অনুরোধ করা হয়েছে বলে সংশ্লিষ্ট পত্রে উল্লেখ করা হয়। অভিযোগের বিষয়ে তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *