বিনোদন প্রতিবেদক:
অন্যের হজ-ওমরাহ পালন নিয়ে কটূক্তি না করে নিজের আমল ও আচরণ নিয়ে ভাবার আহ্বান জানিয়েছেন ছোটপর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। কার ইবাদত কবুল হবে, কার নিয়ত কতটা আন্তরিক কিংবা কে কখন হেদায়েত পাবেন—তা নির্ধারণ করার অধিকার কারও নেই বলে মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে ধর্মকে ব্যক্তিগত পছন্দ-অপছন্দের হাতিয়ার হিসেবে ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন এই অভিনেত্রী।
মঙ্গলবার (১৩ অক্টোবর) নিজের ফেসবুক স্ট্যাটাসে এসব কথা বলেন শবনম ফারিয়া।
স্ট্যাটাসে তিনি লেখেন, অন্য কারও হজ বা ওমরাহ পালনের ছবি দেখে নেতিবাচক মন্তব্য করার ইচ্ছা হলে আগে নিজের আচরণ নিয়ে ভাবা উচিত। তাঁর মতে, অন্যের ধর্মীয় কর্মকাণ্ড নিয়ে কটাক্ষ করার আগে নিজের চরিত্র ও আমল পর্যালোচনা করা জরুরি।
হজ ও ওমরাহ পালনের প্রসঙ্গে শবনম ফারিয়া বলেন, বিষয়টি শুধু আর্থিক সামর্থ্যের ওপর নির্ভর করে না; এর সঙ্গে নিয়ত, তাওফিক ও আল্লাহর ইচ্ছার বিষয়ও জড়িত। অন্যের ইবাদত কবুল হবে কি না, তা নিয়ে নিশ্চিতভাবে মন্তব্য করার অধিকার কারও নেই বলেও উল্লেখ করেন তিনি।
অভিনেত্রী লেখেন, কারও ইবাদত বা নিয়ত সম্পর্কে না জেনে সেটি নিয়ে নেতিবাচক মন্তব্য করা অনুচিত। অন্যের আমল নিয়ে বিচার করার আগে প্রত্যেকের নিজের আমলনামা, চরিত্র ও আচরণের দিকে নজর দেওয়া উচিত।
তারকাদের ধর্মীয় চর্চা নিয়েও মন্তব্যের সমালোচনা
বিনোদন অঙ্গনের তারকাদের হজ-ওমরাহ পালন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্যের বিষয়টিও তুলে ধরেন শবনম ফারিয়া। তাঁর বক্তব্য, অভিনয় অনেকের পেশা হলেও তাঁদের ধর্মীয় বিশ্বাস ও ইবাদত নিয়ে কটাক্ষ করার অধিকার অন্য কারও নেই।
নিজের ধর্মীয় অবস্থান তুলে ধরে তিনি লেখেন, তিনি খুব বেশি ধর্মচর্চা না করলেও অন্যকে বিচার করার প্রবণতা থেকে দূরে থাকার চেষ্টা করেন।
এ ছাড়া ঘুষ গ্রহণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের স্বজনদের ধর্মীয় সফর, রাজনৈতিক নেতাদের ওমরাহ পালন কিংবা সুদসংক্রান্ত বিষয়ে মানুষের আচরণে একই ধরনের সমালোচনা করা হয় কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন অভিনেত্রী। তাঁর মতে, ব্যক্তিগত অপছন্দ বা ঈর্ষা থেকে অন্যের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা দ্বৈত মানসিকতার প্রকাশ।
নেতিবাচক মন্তব্য না করার আহ্বান
কারও আনন্দের মুহূর্তে কটূক্তি না করে প্রয়োজনে নীরব থাকার পরামর্শ দিয়েছেন শবনম ফারিয়া। কেউ নিজের বিশ্বাস বা জীবনের বিশেষ মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরলে তাতে আনন্দিত হতে না পারলে নেতিবাচক মন্তব্য না করে পোস্টটি এড়িয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
স্ট্যাটাসের শেষাংশে অভিনেত্রী বলেন, অন্যের ইবাদত কবুল হবে কি না, তা আল্লাহর বিষয়। কিন্তু অন্যের ইবাদত নিয়ে কেউ কী ধরনের মন্তব্য করছেন, সেটি তাঁর নিজের আচরণ ও আমলের অংশ।