কামরুল ইসলাম:
চট্টগ্রাম নগরের আকবরশাহ্ থানা এলাকায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে অভিযান চালিয়ে ১০টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। পরবর্তীতে উদ্ধার করা মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সিএমপি, চট্টগ্রামের আকবরশাহ্ থানা এলাকায় বিগত কয়েকদিনে হারিয়ে যাওয়া মোবাইল ফোনের বিষয়ে করা সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিকনির্দেশনা অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়। আকবরশাহ্ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে কর্মরত এএসআই মিঠন চন্দ্র ঘোষসহ পুলিশ সদস্যরা অংশ নেন। অভিযানে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোট ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ) জনাব মো. আলমগীর হোসেন, উপ-পুলিশ কমিশনার (পশ্চিম বিভাগ), জনাব মো. রুহুল আমিন লাবু, সহকারী পুলিশ কমিশনার, পাহাড়তলী জোন এবং জনাব মো. কামরুজ্জামান, অফিসার ইনচার্জ, আকবরশাহ্ থানার উপস্থিতিতে উদ্ধার করা মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে মালিকরা আকবরশাহ্ থানা তথা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের প্রতি কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন।
আকবরশাহ্ থানা পুলিশ জনগণের সেবা ও নিরাপত্তা বিধানে সর্বদা অঙ্গীকারবদ্ধ বলে জানানো হয়েছে।