সুনামগঞ্জ প্রতিনিধি:
‘আমার মৃত্যুর জন্য শিল্পী রানী মোদক (ইউএনও) দায়ী থাকবেন’ এবং ‘আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার’—ফেসবুকে এমন দুটি পোস্ট দিয়ে আলোচনায় আসেন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান শান্ত। পোস্ট দেওয়ার পর অসুস্থ হয়ে পড়লে তাঁকে প্রথমে সিলেটের একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। বর্তমানে তিনি অনেকটাই সুস্থ হয়ে চট্টগ্রামে নিজ বাড়ির উদ্দেশে ঢাকা ছেড়েছেন বলে জানিয়েছে জেলা প্রশাসন।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট দুটি দেওয়া হয়। অল্প সময়ের মধ্যেই সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়। ঘটনাটি ঘিরে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রানী মোদকের সঙ্গে এসিল্যান্ডের বিরোধের গুঞ্জন ছড়িয়ে পড়ে।
তবে এ ধরনের বিরোধের কোনো ভিত্তি পাওয়া যায়নি বলে জানিয়েছে সুনামগঞ্জ জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান বলেন, ঘটনাটি পর্যালোচনা করে ইউএনওর সঙ্গে এসিল্যান্ডের সম্পর্ক খারাপ হওয়ার মতো কোনো বিষয় পাওয়া যায়নি। তাঁদের মধ্যে বিরোধের যে গুঞ্জন ছড়িয়েছে, তারও ভিত্তি নেই।
মতিউর রহমান খান বলেন, ফেসবুকে পোস্ট দেওয়ার কয়েক মিনিট আগেও এসিল্যান্ড তাঁর পরিবারসহ ইউএনওর বাসায় একটি জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এসিল্যান্ডের স্ত্রীর সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন, আরিফুর রহমান কিছুদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। ঘটনার তিন দিন আগে জামালগঞ্জে পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর পর শিশুটির মরদেহ দেখে তিনি আরও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন বলে জানা গেছে।
অতিরিক্ত জেলা প্রশাসক আরও জানান, কর্মস্থলে ফিরে এলে শুক্রবার রাতের ঘটনার কারণ ও বিস্তারিত বিষয় সম্পর্কে আরও জানা যাবে। প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তাঁর খোঁজখবর রাখা হচ্ছে।
এদিকে ইউএনও শিল্পী রানী মোদক জানান, প্রথমে তিনি জানতে পেরেছিলেন, এসিল্যান্ডের মোবাইল ফোন হ্যাক হয়েছে। পরে তাঁর স্ত্রী জানান, ফোন হ্যাক হয়নি; পোস্টগুলো এসিল্যান্ড নিজেই দিয়েছিলেন। পরে তাঁর স্ত্রী পোস্টগুলো মুছে দেন বলে তিনি জানতে পারেন।
ইউএনও বলেন, পোস্ট দেওয়ার মাত্র ছয় মিনিট আগেও এসিল্যান্ড তাঁর বাসায় ছিলেন। তিনি সুস্থ হয়ে কর্মস্থলে ফিরলে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার বিস্তারিত জানানো হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. মতিউর রহমান খান রোববার বিকেলে জানান, ঢাকার ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর আরিফুর রহমান বর্তমানে অনেকটাই সুস্থ। তিনি চট্টগ্রামে নিজ বাড়িতে যাচ্ছেন। সেখানে কিছুদিন বিশ্রাম নিয়ে কর্মস্থলে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, ফেসবুকে পোস্ট দুটি দেওয়ার পরপরই ইউএনও শিল্পী রানী মোদক তাঁর ফেসবুক পেজে এসিল্যান্ডের আইডি হ্যাক হওয়ার দাবি করে একটি পোস্ট দেন এবং সবাইকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। পরে এসিল্যান্ডের অ্যাকাউন্ট থেকে পোস্ট দুটি মুছে ফেলা হয়। পরবর্তী সময়ে ইউএনও জানান, আইডি হ্যাক হয়নি; এসিল্যান্ডের স্ত্রী পোস্টগুলো মুছে দিয়েছেন বলে তিনি জানতে পেরেছেন।
আরিফুর রহমান শান্ত প্রায় দুই মাস ধরে জামালগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি পরিবার নিয়ে উপজেলা সদরে বসবাস করতেন।