নারায়ণগঞ্জে শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের পুরস্কৃত করলেন এসপি হাবিবুর রহমান

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও সেপ্টেম্বর ২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সকাল ১০টায় জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলার বিভিন্ন ইউনিটের ইনচার্জ ও পুলিশ সদস্যরা তাঁদের সামষ্টিক সমস্যা ও দাবি-দাওয়া তুলে ধরেন। পুলিশ সুপার তাঁদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যাগুলো দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক নির্দেশনা দেন।

সভায় পেশাগত দায়িত্ব পালনে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরস্কৃত করেন পুলিশ সুপার। পুরস্কারপ্রাপ্তরা হলেন—শ্রেষ্ঠ এএসআই ফতুল্লা থানার মো. আব্দুল হামিদ খান, শ্রেষ্ঠ এসআই রূপগঞ্জ থানার রৌশন আলী, শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার ট্রাফিক শাখার সার্জেন্ট শফিউল আজম শোভন এবং শ্রেষ্ঠ ডিবি অফিসার জেলা গোয়েন্দা শাখার মো. মফিজুল ইসলাম।

ক্লুলেস মামলার রহস্য উদ্‌ঘাটনে পুরস্কার পেয়েছেন বন্দর থানার মিকাইল হোসেন, ফতুল্লা মডেল থানার পলাশ বাইন এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক। অস্ত্র উদ্ধার ও ডাকাত গ্রেপ্তারে বিশেষ স্বীকৃতি পেয়েছেন রূপগঞ্জ থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন।

এ ছাড়া বিশেষ পুরস্কার পেয়েছেন বন্দর থানার ওসি মো. জামাল উদ্দিন। জেলা বিশেষ শাখায় (ডিএসবি) কর্মরত এসআই মোহাম্মদ শরীফ হোসেন, এসআই মো. জামাল উদ্দিন, ওয়াচার কনস্টেবল মাহবুব আফ্রাদ, ওয়াচার কনস্টেবল হুমায়ুন কবির ও ওয়াচার কনস্টেবল মো. ইসমাইল খানকেও বিশেষ পুরস্কার দেওয়া হয়।

কল্যাণ সভা শেষে দুপুর ১২টায় পুলিশ সুপারের সভাপতিত্বে সেপ্টেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে গত মাসের মামলাগুলোর অগ্রগতি ও জেলার সার্বিক অপরাধচিত্র তুলে ধরেন।

সভায় পুলিশ সুপার হাবিবুর রহমান জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা এবং সাধারণ মানুষকে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেন।

সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), নৌ-পুলিশ ও হাইওয়ে পুলিশের পরিদর্শক পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *