উপজেলা প্রতিনিধি:
সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানোর সময় হকারদের বাধার মুখে পড়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সময় হকারদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নবীনগর-চন্দ্রা মহাসড়কের ডিইপিজেড এলাকায় অবৈধ হকার উচ্ছেদে অভিযান পরিচালনা করতে গেলে হকাররা একত্রিত হয়ে লাঠিসোঁটা নিয়ে চন্দ্রাগামী লেন অবরোধ করেন। পরে পুলিশ ও আনসার সদস্যরা যৌথভাবে ধাওয়া দিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেন।
এ ঘটনায় সড়কে কিছু সময় যানচলাচল ব্যাহত হয় এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বর্তমানে সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে গেলে হকাররা বাধা দেন। একপর্যায়ে তারা চন্দ্রাগামী লেন অবরোধের চেষ্টা করেন। পরে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।