Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
ইনস্টাগ্রামের এক মেসেজেই বদলে গেল রুক্মিণীর ক্যারিয়ার - দৈনিক স্বাধীন সংবাদ

ইনস্টাগ্রামের এক মেসেজেই বদলে গেল রুক্মিণীর ক্যারিয়ার

বিনোদন ডেস্ক :

ভারতীয় সিনেমায় এখন আলোচনার কেন্দ্রে অভিনেত্রী রুক্মিণী বসন্ত। ‘কানতারা: চ্যাপ্টার ১’ দিয়ে দেশজুড়ে পরিচিতি পাওয়ার পর এবার তাকে দেখা যাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘টক্সিক’ সিনেমায়। পাশাপাশি হাতে রয়েছে ‘ড্রাগন’-এর মতো বড় বাজেটের আরেকটি সিনেমা। পরপর বড় আয়োজনের ছবিতে কাজ করে ক্যারিয়ারের সোনালি সময়ে প্রবেশ করেছেন এই অভিনেত্রী।

তবে রুক্মিণীর এই সাফল্যের শুরুটা হয়েছিল বেশ সাধারণ একটি ইনস্টাগ্রাম মেসেজ থেকে। ঘটনাটি তিন বছর আগের। ২০২৩ সালে মুক্তি পায় তার দ্বিতীয় সিনেমা ‘সপ্ত সাগারাদাচি এল্লো’। হেমন্ত রাও পরিচালিত সিনেমাটিতে তার বিপরীতে ছিলেন রক্ষিত শেঠি।

এই সিনেমার মাধ্যমেই মূলত দর্শকদের নজরে আসেন রুক্মিণী। কিন্তু কীভাবে তিনি সিনেমাটিতে সুযোগ পেয়েছিলেন? সম্প্রতি ইন্ডিয়া টুডের এক অনুষ্ঠানে সেই গল্পই জানিয়েছেন অভিনেত্রী।

রুক্মিণী জানান, ‘সপ্ত সাগারাদাচি এল্লো’ সিনেমার কাস্টিংয়ের খবর জানতে পেরে তিনি সরাসরি নির্মাতা হেমন্ত রাওকে ইনস্টাগ্রামে মেসেজ করেন। সেখানে সিনেমাটিতে অভিনয়ের আগ্রহের কথা জানান তিনি। শুধু মেসেজ পাঠিয়েই থেমে থাকেননি; নিজের বায়োডাটাও ই-মেইলের মাধ্যমে নির্মাতার কাছে পাঠান।

প্রায় ১০ দিন অপেক্ষার পর আসে কাঙ্ক্ষিত সাড়া। নির্মাতা হেমন্ত রাও তাকে অডিশনের জন্য ডাকেন। অডিশনে সফল হওয়ার পরই সিনেমাটিতে অভিনয়ের সুযোগ পান রুক্মিণী।

‘সপ্ত সাগারাদাচি এল্লো’ মুক্তির পর কন্নড় চলচ্চিত্রে দ্রুত পরিচিতি পান এই অভিনেত্রী। এরপর শিব রাজকুমার, গণেশ ও শ্রী মুরালির মতো জনপ্রিয় তারকাদের সঙ্গে কাজের সুযোগ আসে। তামিল সিনেমাতেও বিজয় সেতুপতির সঙ্গে অভিনয় করেছেন তিনি।

তবে রুক্মিণীর জনপ্রিয়তা কন্নড় সিনেমার গণ্ডি পেরিয়ে ভারতজুড়ে ছড়িয়ে পড়ে ‘কানতারা: চ্যাপ্টার ১’-এর মাধ্যমে। সিনেমাটিতে তার অভিনয় দর্শকদের প্রশংসা কুড়ায় এবং রাতারাতি আলোচনায় চলে আসেন তিনি।

এবার ২৬ আগস্ট মুক্তি পাচ্ছে রুক্মিণী অভিনীত নতুন সিনেমা ‘টক্সিক’। ছবিটি ঘিরে দর্শকদের আগ্রহের কারণে মুক্তির আগেই ব্যাপক আলোচনায় রয়েছেন অভিনেত্রী।

এরপর তাকে দেখা যাবে তেলুগু তারকা জুনিয়র এনটিআরের সঙ্গে ‘ড্রাগন’ সিনেমায়। ছবিটি নির্মাণ করছেন ‘কেজিএফ’খ্যাত পরিচালক প্রশান্ত নীল। এর বাইরে রজনীকান্ত অভিনীত সম্ভাব্য নতুন সিনেমা ‘ধর্মন’-এও রুক্মিণীর অভিনয়ের গুঞ্জন রয়েছে।

একটি ইনস্টাগ্রাম মেসেজ দিয়ে যে পথচলা শুরু হয়েছিল, সেই পথ এখন তাকে নিয়ে যাচ্ছে ভারতীয় সিনেমার বড় বড় আয়োজনের দিকে। রুক্মিণীর ক্যারিয়ারের এই উত্থান তাই প্রমাণ করে—কখনো কখনো একটি ছোট্ট সুযোগের দরজায় কড়া নাড়াই বদলে দিতে পারে পুরো জীবন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *