‘ইরানি কূটনীতিকদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার খবর মিথ্যা’

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানি কূটনীতিকদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার খবরকে ‘পুরোপুরি মিথ্যা’ বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তাঁর দাবি, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়া ইরানি কূটনীতিকরা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ীই যুক্তরাষ্ট্র ত্যাগ করেছেন।

রোববার (৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষে নির্ধারিত সময় অনুযায়ী ইরানি কূটনীতিকরা যুক্তরাষ্ট্র ছেড়েছেন। একজন কূটনীতিক আগেই চলে গিয়েছিলেন এবং বাকি সদস্যরাও নির্ধারিত সময়েই দেশ ত্যাগ করেন বলে তিনি দাবি করেন।

এর আগে মার্কিন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়া ইরানের প্রতিনিধিদলের দুই সদস্যকে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দেওয়া হলেও তারা নিউইয়র্কে অবস্থান করছিলেন। পরে তাদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়া হয় বলে মার্কিন কর্মকর্তাদের বরাতে প্রতিবেদন প্রকাশিত হয়।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের বক্তব্য অনুযায়ী, ইরানের প্রতিনিধিদলকে নিউইয়র্ক ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এরপরও দুই সদস্য সেখানে অবস্থান করায় তাদের সরিয়ে দেওয়া হয় বলে মার্কিন কর্মকর্তারা দাবি করেন।

তবে ইরানের পক্ষ থেকে এই দাবি প্রত্যাখ্যান করা হয়েছে। জাতিসংঘে ইরানের মিশনও এর আগে জানিয়েছিল, প্রতিনিধিদলের নিউইয়র্ক ছাড়ার সময়সূচি ১৭ সেপ্টেম্বরই মার্কিন পররাষ্ট্র দপ্তরকে জানানো হয়েছিল।

কূটনীতিকদের বের করে দেওয়ার মার্কিন দাবিকে ‘হতাশা ও পরাজয়ের’ বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন আরাগচি। একই সঙ্গে তিনি বলেন, এ ধরনের আচরণ জাতিসংঘের স্বাগতিক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের দায়িত্ব ও নিয়মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি বক্তব্যের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা অব্যাহত রয়েছে। বিশেষ করে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের পর দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনার অগ্রগতি না হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *