ইরানের পাশে থাকার প্রতিশ্রুতি পুতিনের, প্রশংসা করলেন পেজেশকিয়ানকে

আন্তর্জাতিক ডেস্ক:

চলমান আঞ্চলিক উত্তেজনা ও বিভিন্ন ধরনের আক্রমণের মধ্যে ইরানের অবস্থান ও সাহসিকতার প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে যেকোনো পরিস্থিতিতে তেহরানকে সহযোগিতা করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তিনি।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে অনুষ্ঠিত এক ফোনালাপে এসব বিষয় উঠে আসে। ইরানের প্রেসিডেন্টের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

ফোনালাপে দুই দেশের রাষ্ট্রপ্রধান দ্বিপাক্ষিক কৌশলগত সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা করেন। কথোপকথনের শুরুতে পেজেশকিয়ান পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানান। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়।

আলোচনায় পুতিন বলেন, মধ্যপ্রাচ্য ও পার্শ্ববর্তী অঞ্চলে চলমান অস্থিরতার মধ্যেও রাশিয়া ও ইরানের মধ্যে ‘সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি’র আওতায় সহযোগিতা অব্যাহত রয়েছে।

আঞ্চলিক উত্তেজনা কমানো এবং চলমান সংকটের সমাধানে বিভিন্ন দেশের কূটনৈতিক প্রচেষ্টাকে রাশিয়া সমর্থন করে বলেও জানান পুতিন। এ প্রক্রিয়ায় মস্কো প্রয়োজনীয় যেকোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত বলেও উল্লেখ করেন তিনি।

পুতিন বলেন, ইরানের বন্ধুরা যেন নিশ্চিত থাকে, রাশিয়া তাদের সহযোগিতা করতে প্রস্তুত।

ফোনালাপের একপর্যায়ে বিভিন্ন আক্রমণ ও চাপের মুখেও ইরানের অবস্থান ধরে রাখার বিষয়টির প্রশংসা করেন পুতিন। দেশটির সহনশীলতা ও সাহসিকতার জন্যও তিনি প্রশংসা করেন বলে ইরানি প্রেসিডেন্টের কার্যালয়ের তথ্য থেকে জানা গেছে।

দুই দেশের রাষ্ট্রপ্রধানের এই ফোনালাপে পারস্পরিক কৌশলগত সহযোগিতা অব্যাহত রাখা এবং আঞ্চলিক সংকট মোকাবিলায় কূটনৈতিক প্রচেষ্টার ওপর গুরুত্ব দেওয়ার বিষয়টি গুরুত্ব পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *