Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
ইরানে বিমানে তীব্র কম্পন, খসে পড়ল সিলিং, আতঙ্কে যাত্রীরা - দৈনিক স্বাধীন সংবাদ

ইরানে বিমানে তীব্র কম্পন, খসে পড়ল সিলিং, আতঙ্কে যাত্রীরা

আন্তর্জাতিক ডেস্ক ::
ইরানে একটি যাত্রীবাহী উড়োজাহাজে উড্ডয়নের পর তীব্র কম্পন ও ঝাঁকুনির সৃষ্টি হয়। এ সময় বিমানের সিলিংয়ের আস্তরণ খসে যাত্রীদের ওপর পড়তে দেখা যায়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

গত মঙ্গলবার ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদের বিমানবন্দরে এ ঘটনা ঘটে। উড়োজাহাজটি ইরানি বিমান পরিষেবা সংস্থা সেপেহরান এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৩৭। এটি মাশহাদ থেকে দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর কেরমানশাহের উদ্দেশে রওনা হয়েছিল।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, উড্ডয়নের পরপরই উড়োজাহাজটির একটি চাকা বিস্ফোরিত হয়। চাকার ধ্বংসাবশেষের কিছু অংশ একটি ইঞ্জিনের ভেতরে ঢুকে পড়ায় সেটি বিকল হয়ে বন্ধ হয়ে যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এরপরই উড়োজাহাজের ভেতরে তীব্র ঝাঁকুনি শুরু হয়। ঝাঁকুনির কারণে বিমানের সিলিংয়ের আস্তরণ ধসে পড়ে যাত্রীদের ওপর পড়তে থাকে। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি বুঝতে পেরে পাইলট জরুরি ভিত্তিতে মাশহাদ বিমানবন্দরে ফিরে অবতরণের সিদ্ধান্ত নেন। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হননি বলে জানা গেছে।

বিমানটি কাঁপতে থাকার সময় যাত্রীদের একজন ঘটনাটি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। পরে ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে।

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট, এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *