ইরান পরমাণু অস্ত্রের পরিকল্পনা প্রায় ছেড়ে দিয়েছে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:

ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়ে দিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (৩ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ দাবি করেন।

হোয়াইট হাউস থেকে ওহাইওর একটি সমাবেশে যাওয়ার পথে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা কার্যত পরিত্যাগ করেছে। একই সঙ্গে তিনি বলেন, ইরানকে পরমাণু অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।

ট্রাম্প বলেন, ‘ইরান, আপনারা জানেন, পরমাণু অস্ত্র তৈরির যেকোনো পরিকল্পনা কার্যত ছেড়ে দিয়েছে।’

ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখাকে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে তুলে ধরে ট্রাম্প তেলসহ বিভিন্ন বিষয়ে নিজের প্রশাসনের নীতির কথাও উল্লেখ করেন।

তবে ইরান দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের এমন অভিযোগ অস্বীকার করে আসছে যে তারা পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে। গত মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও তেহরানের এই অবস্থান পুনর্ব্যক্ত করেন।

পেজেশকিয়ান বলেন, ধর্মীয় নিষেধাজ্ঞার কারণে ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে না। একই সঙ্গে আন্তর্জাতিক তদারকির আওতায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত কমিয়ে আনার প্রস্তাবও দেন তিনি।

তবে তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে তাদের শান্তিপূর্ণ বেসামরিক পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো কাঠামোগত ছাড় দিতে তারা রাজি নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *