ইসরায়েলের বিরুদ্ধে একাধিক ফ্রন্টে হামলার প্রস্তুতি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরায়েলের বিরুদ্ধে সমন্বিত হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। এ হামলায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ, ফিলিস্তিনের গাজাভিত্তিক হামাস, ইয়েমেনের হুতি এবং ইরাকের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলোকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট।রোববার (৬ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানায়, ইসরায়েলি কর্মকর্তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করে ইরানের এমন পরিকল্পনার বিষয়ে তথ্য পেয়েছেন।প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালানোর আগে হামাস ইরান বা হিজবুল্লাহকে এ বিষয়ে অবহিত করেনি। ফলে ওই সময় ইরান ও হিজবুল্লাহর সঙ্গে সমন্বিতভাবে হামলা হয়নি। এবার সেই অভিজ্ঞতাকে বিবেচনায় নিয়ে একাধিক গোষ্ঠীকে নিয়ে সমন্বিত হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।জেরুজালেম পোস্ট জানিয়েছে, আরব সংবাদমাধ্যমগুলোর বিভিন্ন প্রতিবেদনে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, ইরান এবার ইসরায়েলের বিরুদ্ধে একসঙ্গে একাধিক ফ্রন্ট খুলতে চায়। অর্থাৎ একই সময়ে বিভিন্ন দিক থেকে ইসরায়েলের ওপর হামলা চালানোর পরিকল্পনা করা হচ্ছে।প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অভিজাত কুদস ফোর্সের কর্মকর্তারা সম্প্রতি হিজবুল্লাহ, হুতি ও ইরাকের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলোর কমান্ডারদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে উত্তেজনা বাড়ানো এবং সম্ভাব্য সমন্বিত পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *