ঈদ-উল-আযহা ঘিরে নারায়ণগঞ্জ শিল্পাঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে মতবিনিময় সভা

এস. আই. সাগর চৌধুরী ভোলা:

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার শিল্পাঞ্চলে সার্বিক স্থিতিশীলতা বজায় রাখা, শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ নিশ্চিত করা এবং ঈদকালীন ছুটি সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ মে ২০২৬) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপদেষ্টা, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন।

প্রধান অতিথি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির। পরে জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা।

সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, জেলা পরিষদের প্রশাসকসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, র‍্যাব ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত শাখার নাজির মোঃ কামরুল ইসলাম, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের মালিক, শ্রমিক প্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনেরা।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. মাহদী আমিন বলেন,
“বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে ব্যাংকগুলো যেন শিল্প কারখানার মালিকদের পাশে দাঁড়ায়, সে বিষয়ে আমরা আলোচনা করেছি। আজ নীতিগতভাবে আড়াই হাজার কোটি টাকার ইনসেন্টিভ ছাড় দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আশা করছি, ঈদের আগেই কারখানা মালিকরা এ সুবিধা পাবেন এবং এই অর্থ শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধে ব্যয় করা হবে।”

তিনি আরও বলেন, সরকারের মূল লক্ষ্য হচ্ছে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং ঈদের আগে শিল্পাঞ্চলে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি না হওয়া। এজন্য প্রশাসন, মালিকপক্ষ ও শ্রমিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় অন্যান্য বক্তারাও বলেন, শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং শ্রমিকদের ন্যায্য পাওনা সময়মতো পরিশোধ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবারের ঈদ আনন্দমুখর ও সুশৃঙ্খল পরিবেশে উদযাপিত হবে।

বক্তারা আরও বলেন, শ্রমিকদের নিরাপত্তা, অধিকার এবং শিল্পকারখানার উৎপাদন স্বাভাবিক রাখতে সরকার ও প্রশাসন সর্বদা আন্তরিক ভূমিকা পালন করবে। একইসঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে বলেও সভায় জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *