এনইআইআর সিস্টেম বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে মোবাইল ব্যবসায়ীদের মানববন্ধন

মোহাম্মদ হোসেন হ্যাপী:

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম বাতিল এবং মোবাইল ব্যবসায়ীদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন মোবাইল ব্যবসায়ীরা। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটি নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া ব্যবসায়ীরা বিভিন্ন দাবি সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে শান্তিপূর্ণভাবে অবস্থান নেন। প্ল্যাকার্ডে লেখা ছিল— ‘হাত ছিল খালি, বুকে ছিল দাবি, রাষ্ট্র দিল গুলি— এই কি ন্যায়নীতি?’, ‘আমরা সরকারের সিদ্ধান্তের বিরোধী নই, আমরা সমাধানের পক্ষে’, ‘নীতি-আদর্শ ঠিক রেখে একসাথে ব্যবসা করবো’ এবং ‘চোর-পুলিশ খেলা আর নয়— ২৫ হাজার ব্যবসায়ীর বৈধতা নিশ্চিত কর’।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটি নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মো. শরিফ উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিব্রান, সদস্য সচিব মো. ইব্রাহিমসহ আসাদুজ্জামান লিমন, মো. আবিদ, মো. রানা, নাফিজ, হাসান, মো. রাসেল, আবু সাঈদ, পিয়াসসহ জেলার বিভিন্ন এলাকার মোবাইল ব্যবসায়ীরা।

বক্তারা বলেন, বাংলাদেশের অধিকাংশ মোবাইল ব্যবসা এক্সচেঞ্জ ভিত্তিক। অনেক সাধারণ মানুষ জরুরি অর্থের প্রয়োজনে মোবাইল ফোন বিক্রি করে সাময়িক সমস্যার সমাধান করেন। এনইআইআর সিস্টেম চালু থাকলে এই সুযোগ বন্ধ হয়ে যাবে এবং সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হবে।

তারা আরও বলেন, মোবাইল ব্যবসার সঙ্গে যুক্তদের বড় একটি অংশ তরুণ ও নতুন উদ্যোক্তা। গত প্রায় চার মাস ধরে এনইআইআর সিস্টেমের জটিলতায় ব্যবসা কার্যত স্থবির হয়ে আছে। ক্রেতা মোবাইল কিনতে কিংবা বিক্রি করতে পারছেন না, ফলে হাজারো ব্যবসায়ী আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে এনইআইআর সিস্টেম বাতিল করে বাস্তবসম্মত ও ব্যবসাবান্ধব সমাধান গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *