কামরুল ইসলাম:
চট্টগ্রামের কালুরঘাট শিল্পনগরীতে চুরি, ছিনতাই ও লুটপাটের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রুবেল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ। ২৭ সেপ্টেম্বর দিবাগত রাতে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, কালুরঘাট শিল্পনগরীতে সংঘটিত বিভিন্ন অপরাধের সঙ্গে রুবেলের সম্পৃক্ততা রয়েছে এবং তিনি এসব কর্মকাণ্ডের মূলহোতা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চান্দগাঁও থানার ওসি জসিম উদ্দিন জানান, অভিযোগের ভিত্তিতে ২৭ সেপ্টেম্বর দিবাগত রাতে অভিযান চালিয়ে রুবেলকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদক, চুরি ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলার কয়েকটি বর্তমানে বিচারাধীন বলেও জানান তিনি। জানা যায়, দীর্ঘদিন ধরে কালুরঘাট শিল্পনগরীর বন্ধ ও চালু বিভিন্ন কারখানায় চুরি, ছিনতাই ও লুটপাটের ঘটনায় অতিষ্ঠ হয়ে পড়েছেন শিল্পমালিক ও শ্রমিকরা। দিনের বেলায়ও বিভিন্ন কারখানা থেকে মালামাল লুট ও চুরির অভিযোগ রয়েছে। এতে শিল্পনগরীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে সংশ্লিষ্টদের মধ্যে।
সম্প্রতি কালুরঘাট শিল্পনগরীতে অপরাধের অভিযোগ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর প্রশাসনের তৎপরতা বেড়েছে বলে জানা গেছে। এরপর থেকে অপরাধ দমনে একের পর এক অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সংশ্লিষ্টরা জানান, পুলিশের সাম্প্রতিক অভিযান ইতিবাচক। তবে শুধু এক-দুইটি অভিযান নয়, কালুরঘাট শিল্পনগরীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ধারাবাহিক অভিযান, নিয়মিত টহল এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত রাখা প্রয়োজন।