*আবু ইউছুফ রাবেত
উপজেলা প্রতিনিধি বরুড়া
কুমিল্লার দেবীদ্বারে ব্রিজে উঠতে গিয়ে চামড়া বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত ও দুইজন আহত হয়েছেন।
শনিবার ২০ জুন রাত পৌনে ৯টার দিকে উপজেলার খলিলপুর বাজারের পূর্বপাশের ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী চামড়া বোঝাই ট্রাকটি ব্রিজে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক নিহত হন। আহত হন ট্রাকের দুই হেলপার।
দেবীদ্বার থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ট্রাকচালকের নাম সোহেল। তার বাড়ি গাজীপুরে। আহত হেলপার মনিরের বাড়ি সিরাজগঞ্জ। অপর আহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
দুর্ঘটনার সংবাদ পেয়ে দেবীদ্বার থানার একদল পুলিশ ও মুরাদনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। রেকার আসতে বিলম্ব হওয়ায় ট্রাকের নিচে চাপা পড়া চালকের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।
এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মনিরুজ্জামান বলেন, “খলিলপুর বাজারের পূর্বপাশের ব্রিজে উঠতে গিয়ে চামড়া বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে চালক ঘটনাস্থলেই নিহত হন। আহত দুইজনকে উদ্ধার করা হয়েছে। রেকার আসার পর মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।”