কেরানীহাটে যানজট নিরসন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে সাতকানিয়া উপজেলা প্রশাসন

আবদুল আজিজ:

চট্টগ্রামের সাতকানিয়ার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র কেরানীহাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা রক্ষা এবং তীব্র যানজট নিরসনের লক্ষ্যে অভিযান পরিচালনা করেছেন সাতকানিয়া উপজেলা প্রশাসন। শুক্রবার ২১ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে যত্রতত্র গাড়ি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক বিভাগকে আরও কঠোর ভূমিকা পালনের নির্দেশ দেওয়া, রাস্তার পাশে অবৈধভাবে গড়ে ওঠা এবং চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী দোকানপাট ও স্থাপনা অপসারণের পরামর্শ দেওয়াসহ কেরানীহাটের বিভিন্ন স্থানে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলে পরিবেশ নষ্ট না করার জন্য স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানানো হয়।

এছাড়াও যানজট নিরসনের স্থায়ী সমাধানের অংশ হিসেবে হক টাওয়ারের সামনের খালি জায়গায় একটি সুশৃঙ্খল গাড়ি পার্কিংয়ের পরিকল্পনা হাতে নেওয়া হয়। অভিযানকালে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান বলেন, কেরানীহাট আমাদের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও জনবহুল এলাকা। এখানকার জনদুর্ভোগ লাঘব এবং যানজট নিরসনে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। রাস্তা দখল করে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটানো কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

এছাড়া আমাদের পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে এবং নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। এ সময় স্থানীয় দোকানদার, ব্যবসায়ী, কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের এমন সময়োপযোগী পদক্ষেপে কেরানীহাট এলাকার ব্যবসায়ী ও সাধারণ পথচারীরা স্বস্তি প্রকাশ করেছেন এবং এই জনকল্যাণমূলক ধারা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *