এন আলম রাসেল চৌধুরী:
চট্টগ্রাম মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা এলাকায় গত ০৭/০২/২০২৬ রাত অনুমান ১০:০০ ঘটিকার সময় জোরারগঞ্জ থানাধীন ০৫ নং ওসমানপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড, উত্তর মরগাং সাকিনের শফি ভেন্ডারের বাড়ীস্থ আবুল কাশেম প্রঃ কালা এর ঘরের পূর্ব পাশে খড়ের চিন (স্তুপে) আগুন দেওয়ার ঘটনায় স্থানীয় জনসাধারণের সহায়তায় ঘটনার সাথে জড়িত আসামী মোঃ শাহজান প্রঃ সাজ্যল (৬২), পিতা-মৃত আবু তাহের চৌকিদার, মাতা-মৃত মল্লিকা বেগম, গ্রাম- হাসান নগর, থানা-বোরহানউদ্দিন, জেলা-ভোলাকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।
বাদী জানায়, আগুনে খড়ের চিন পুড়ে অনুমান ২০,০০০/- (বিশ হাজার) টাকার ক্ষতিসাধন হয়। উক্ত ঘটনায় ভুক্তভোগী আবুল কাশেম প্রঃ কালা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এই বিষয়ে জোরারগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক এর সাথে কথা বললে তিনি জানান, ওসমানপুর এলাকা থেকে খবর পাওয়ার সাথে সাথে তিনি নিজেই ঘটনাস্থলে গিয়ে জড়িত থাকা একজনকে আটক করেছেন। বর্তমান দেশের পরিস্থিতি অনুযায়ী অপ্রীতিকর ঘটনা বন্ধে এবং এলাকার আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে জোরারগঞ্জ থানা প্রশাসনের পক্ষ থেকে সব সময় নজরদারিতে রয়েছে। অপরাধী যেই হোক, আইনের হাত থেকে কেউ রক্ষা পাবে না।
ওসি কাজী নাজমুল হক আরও বলেন, এলাকার শান্তি ও শৃঙ্খলা রক্ষার স্বার্থে এলাকাবাসীদেরও সতর্ক ও সজাগ থাকা প্রয়োজন।