গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরের ডেগেরচালা এলাকার ফকির মার্কেটে একটি পোশাক কারখানায় ভয়াবহ আগুনের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ৬৯ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। পরে তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে।
শনিবার (৩ অক্টোবর) বেলা ৩টার দিকে সাততলা ভবনের কারখানাটির তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, খবর পেয়ে প্রথমে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের মাত্রা বাড়তে থাকায় কোনাবাড়ী ফায়ার সার্ভিসের একটি, গাজীপুর ফায়ার সার্ভিসের তিনটি এবং রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়।
তিনি জানান, কারখানাটির তৃতীয় তলায় আগুন লাগার পর পুরো ভবনে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে ভেতরে থাকা শ্রমিকদের অনেকে অসুস্থ হয়ে পড়েন। এ পর্যন্ত ৬৯ জনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, কারখানাটির আশপাশে পুকুর বা পানির কোনো উৎস নেই। পাশাপাশি কারখানাটিতে নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীদের বেগ পেতে হচ্ছে।
আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে।