চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু শোকের ছায়া পরিবারে

আরাফাত হোছাইন:

কক্সবাজারের চকরিয়ায় ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে রশিদ আহমদ (৭০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার পহরচাঁদা ইউনিয়নের মছনিয়াকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত রশিদ আহমদ চকরিয়া উপজেলার পহরচাঁদা ইউনিয়নের গোবিন্দপুর দক্ষিণপাড়া এলাকার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত সোলতান আহমদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি চকরিয়ার পহরচাঁদা মছনিয়াকাটা এলাকা অতিক্রম করার সময় রশিদ আহমদ ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। পরে খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা সেখানে ছুটে যান এবং তাঁর খণ্ডিত মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

স্থানীয় বাসিন্দারা জানান, রশিদ আহমদ কানে কম শুনতেন। তবে কীভাবে তিনি রেললাইনে গিয়ে ট্রেনের নিচে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছেন, তা নিশ্চিতভাবে জানা যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালেকুজ্জামান বলেন, ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে রশিদ আহমদ নিহত হয়েছেন। তিনি তাঁর এলাকার বাসিন্দা। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বৃদ্ধ রশিদ আহমদের আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবারে শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *