স্টার রিপোর্টার:
কক্সবাজারের চকরিয়ায় বাসায় চুরি করতে ঢুকে এক পুলিশ কনস্টেবলের স্ত্রীকে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণের মামলায় পারভেজ মো. আবুল কালাম নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত পারভেজ মো. আবুল কালাম চকরিয়া পৌরসভার মগবাজার (কাহারিয়াঘোনা) এলাকার বাসিন্দা। তিনি পেশাদার চোর হিসেবে পরিচিত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ১৫ জুলাই রাতে চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাজীনগর এলাকার বিপরীতে একটি আবাসিক এলাকার ভাড়া বাসায় চুরি করতে ঢোকেন কালাম। এ সময় বাসায় থাকা এক পুলিশ কনস্টেবলের স্ত্রীকে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করেন তিনি। ঘটনার পর ভুক্তভোগীর পক্ষ থেকে থানায় মামলা করা হয়। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত মামলার সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আসামি পারভেজ মো. আবুল কালামকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। আদালতের এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা। একই সঙ্গে তাঁরা দ্রুত রায় কার্যকর করার দাবি জানিয়েছেন।