মোহাম্মদ নজরুল ইসলাম খোকন:
‘সুস্থ দেহ, সুস্থ মন, মাদকমুক্ত হোক জীবন’ ও ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’—এই স্লোগানকে সামনে রেখে কক্সবাজারের চকরিয়ায় তৃতীয় দিনের মতো মাদকবিরোধী র্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) দুপুর ১টার দিকে বাংলাদেশ পুলিশ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মহোদয়ের নির্দেশনায় চকরিয়া থানার আওতাধীন হারবাং ইউনিয়নের হারবাং বাজার এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমানের নেতৃত্বে আয়োজিত র্যালিতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ধর্মীয় ব্যক্তিত্ব, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র্যালিটি হারবাং বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে অনুষ্ঠিত সচেতনতামূলক সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা ও মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব তুলে ধরেন। একই সঙ্গে মাদক নির্মূলে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, মাদক ব্যক্তি ও পরিবারের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের জন্যও ভয়াবহ অভিশাপ। মাদকের বিস্তার রোধে শুধু আইন প্রয়োগ নয়, সামাজিক সচেতনতা ও পারিবারিক দায়িত্ববোধ বাড়াতে হবে। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে খেলাধুলা, শিক্ষা ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপরও গুরুত্ব দেন তারা।
সমাবেশ থেকে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। পাশাপাশি সবাইকে মাদককে ‘না’ বলে সুস্থ ও সুন্দর জীবন গড়ার প্রত্যয় ব্যক্ত করার আহ্বান জানায় চকরিয়া থানা পুলিশ।
‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে—মাদককে না বলুন, সুস্থ জীবনকে হ্যাঁ বলুন।’