‘জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছে বিএনপি সরকার’

জেলা প্রতিনিধি:

স্থানীয় সরকার নির্বাচনে দেশের প্রতিটি ইউনিয়নে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, বিএনপি সরকার ধীরে ধীরে ব্যর্থতার দিকে যাচ্ছে, তবে তারা তা স্বীকার করতে চাইছে না।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর জেলা এনসিপির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পৌর শহরের সোনারবাংলা চাইনিজ রেস্টুরেন্টে জেলা এনসিপির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সারজিস আলম বলেন, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক শক্তি বাড়াতে কমিটি গঠন করা জরুরি। এ লক্ষ্যে দেশের বিভিন্ন জেলায় সফর করছে এনসিপি। প্রতিটি ইউনিয়নে সাংগঠনিক কমিটি গঠনের পাশাপাশি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রতিটি ইউনিয়নে একজন করে প্রার্থীকে সমর্থন দেওয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, এ প্রক্রিয়ার মাধ্যমে এনসিপিকে একটি বড় রাজনৈতিক দল হিসেবে গড়ে তোলার পাশাপাশি আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতিও এগিয়ে নেওয়া হবে।

বিএনপির সমালোচনা করে সারজিস আলম বলেন, সংসদকে সরকারদলীয় সংসদে পরিণত করার চেষ্টা দেশের গণতান্ত্রিক চর্চার জন্য ভালো ফল বয়ে আনবে না। বিরোধী দলকে গ্রহণ করে তাদের কথা বলার সুযোগ দিতে হবে। সরকার দেশের মানুষের জন্য কাজ করলে এনসিপি সহযোগিতা করবে। তবে জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে জনগণের পক্ষে রাজনৈতিকভাবে তা মোকাবিলা করা হবে।

১১ দলীয় জোটের লংমার্চ কর্মসূচি প্রসঙ্গে সারজিস আলম বলেন, বিএনপি সরকারের ছয় মাস পার হয়েছে। সরকার দায়িত্ব নেওয়ার পর কয়েকটি গুরুত্বপূর্ণ খাতকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছিল। বিশেষ করে জ্বালানি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গুরুত্ব দেওয়ার কথা থাকলেও এসব ক্ষেত্রে সরকার প্রত্যাশা পূরণ করতে পারেনি বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। মধ্যবিত্ত শ্রেণির মানুষও ঋণগ্রস্ত হয়ে পড়ছে এবং স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে উঠেছে। একই সঙ্গে গ্যাস ও বিদ্যুৎ সংকট এবং বিভিন্ন শিল্পকারখানায় কর্মী ছাঁটাইয়ের কথাও তুলে ধরেন তিনি।

সারজিস আলম বলেন, ‘বিএনপি সরকার ধীরে ধীরে ব্যর্থতার দিকে যাচ্ছে, কিন্তু তারা এটা বিশ্বাস ও স্বীকার করতে চায় না।’

তিনি আরও বলেন, জনগণকে সঙ্গে নিয়ে তাদের বিভিন্ন দাবি তুলে ধরতে বিভাগীয় শহরগুলোতে লংমার্চ কর্মসূচি পালন করা হচ্ছে। বিরোধী দল ও রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী হিসেবে সরকারের ব্যর্থতাগুলো জনগণের সামনে তুলে ধরাই তাদের লক্ষ্য। মাঠপর্যায়ে সরকার ধীরে ধীরে জনসমর্থন হারাচ্ছে বলেও দাবি করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *