বিনোদন ডেস্ক:
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে অভিনেত্রী জাহ্নবী কাপুর ও দক্ষিণী অভিনেতা জুনিয়র এনটিআরের একটি গানের দৃশ্য বিকৃত করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এনটিআর। একই সঙ্গে ভিডিওটি তৈরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
২০২৪ সালে মুক্তি পাওয়া ‘দেবরা: পার্ট ১’ সিনেমার ‘চুট্টামল্লে’ গানটির দৃশ্য বিকৃত করে তৈরি একটি এআই-নির্মিত ভিডিও গত কয়েক দিন ধরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে মূল দৃশ্যের পরিবর্তন করা হয়েছে বলে জানা গেছে।
শনিবার (৩ অক্টোবর) সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিয়ে নিজের ক্ষোভের কথা জানান জুনিয়র এনটিআর। তিনি এ ধরনের ভিডিও তৈরি ও ছড়িয়ে দেওয়াকে অত্যন্ত নিন্দনীয় বলে উল্লেখ করেন।
এনটিআর বলেন, এআই ব্যবহার করে একজন নারীকে অসম্মানজনকভাবে উপস্থাপন করা অত্যন্ত লজ্জাজনক। প্রযুক্তির এমন অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
বিকৃত ভিডিও তৈরির সঙ্গে জড়িতদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে অভিনেতা বলেন, এ ধরনের কর্মকাণ্ডে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে সব ধরনের আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
একই সঙ্গে সাধারণ মানুষকে এ ধরনের ভিডিও না দেখার এবং সামাজিক মাধ্যমে শেয়ার না করার আহ্বান জানান এনটিআর। তাঁর মতে, আজ অন্য কারও সঙ্গে এমন ঘটনা ঘটলেও ভবিষ্যতে একই ধরনের ঘটনার শিকার হতে পারেন যে কেউ।
কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার ঠেকাতে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারগুলোর আরও কঠোর পদক্ষেপ নেওয়া এবং প্রয়োজনীয় বিধিনিষেধ চালুরও আহ্বান জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, ‘দেবরা: পার্ট ১’ সিনেমার ‘চুট্টামল্লে’ গানটির সুর করেছেন অনিরুদ্ধ রবিচন্দর। গানটি হিন্দিতে ‘ধীরে ধীরে’ নামে প্রকাশিত হয়। এ ছাড়া তামিল, কন্নড় ও মালয়ালাম ভাষাতেও গানটি প্রকাশ করা হয়েছে। গানটি গেয়েছেন শিল্পা রাও। সিনেমাটির মাধ্যমে তেলুগু চলচ্চিত্রে অভিষেক হয় জাহ্নবী কাপুরের।