উজ্জ্বল মিয়া:
টাঙ্গাইলের নাগরপুরে নিখোঁজের ৩ দিন পর পাটক্ষেত থেকে শওকত মোল্লা (৫৫) নামের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) দুপুরে নাগরপুর থানা পুলিশ উপজেলার ওই ইউনিয়নের বিন্নাওঝা গ্রামের গাজী কবিরের পাটক্ষেত থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে। তিনি উপজেলার সহবতপুর ইউনিয়নের নলসন্ধ্যা গ্রামের মৃত জয়েদ আলী মোল্লার ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার নলসন্ধ্যা গ্রামের মৃত জয়েদ আলী মোল্লার ছেলে শওকত মোল্লার অর্ধগলিত মরদেহ পাশ্ববর্তী বিন্নাওঝা গ্রামের গাজী কবিরের পাটক্ষেতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। ঘটনার খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে মৃত ব্যক্তির মরদেহ শনাক্ত করেন। পরে সংবাদ পেয়ে নাগরপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের চাচাতো ভাই আয়নাল মোল্লা জানান, গত ৩ দিন ধরে তার ভাই শওকত মোল্লা নিখোঁজ ছিলেন। বুধবার দুপুর ১টার দিকে বিন্নাওঝা গ্রামে একটি মরদেহ পাওয়ার খবর পেয়ে সেখানে গিয়ে তিনি তার ভাইয়ের মরদেহ শনাক্ত করেন।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম জানান, এ ঘটনা সম্পর্কে এখনও কোনো কিছু জানা যায়নি। তবে তদন্তের পর বিস্তারিত জানা যাবে। মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।