মোহাম্মদ হোসেন হ্যাপী:
ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ এবং জলাবদ্ধতা নিরসনে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নারায়ণগঞ্জের কমর আলী হাই স্কুল অ্যান্ড কলেজে পরিচ্ছন্নতা বিষয়ক এক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ জুলাই) সকালে অনুষ্ঠিত এ সভার আয়োজন করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির। সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, একটি উন্নত সমাজ গড়তে শুধু ভালো শিক্ষার্থী নয়, ভালো মানুষ গড়ে তোলাও সমান গুরুত্বপূর্ণ। তাই সন্তানদের লেখাপড়ার পাশাপাশি মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম এবং সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ করতে হবে। পরিবর্তনের শুরু হোক পরিবার থেকেই। আমরা যদি প্রত্যেকে আমাদের সন্তানদের সৎ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে পারি, তাহলে দুর্নীতিমুক্ত, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব।
সভায় ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন, শুধু প্রশাসনিক উদ্যোগে নয়, নাগরিকদের সচেতনতা ও আচরণগত পরিবর্তনের মাধ্যমেই একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তোলা সম্ভব। তিনি পলিথিনের ব্যবহার কমানো, নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা এবং নিজ নিজ পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।
তিনি আরও জানান, নারায়ণগঞ্জ সদর উপজেলার ১২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৫৯টি মাধ্যমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা হচ্ছে, যাতে তারা নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি পরিবার ও সমাজের অন্যান্য সদস্যদের মধ্যেও পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে সচেতনতা ছড়িয়ে দিতে পারে।
বক্তারা বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, জলাবদ্ধতা দূর করা এবং জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের অংশগ্রহণ ভবিষ্যতে একটি স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।